আনুষ্ঠানিকভাবে পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরল সরকার। গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল অনুমোদন দেওয়া হয়েছে। এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকেই ২০১০ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত সব উন্নয়ন পরিকল্পনা পরিচালিত হবে। আর চলতি অর্থবছরটি দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) শেষ বছর হওয়ায় তা পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর হিসেবে ধরা হয়েছে। এনইসির বৈঠক শেষে পরিকল্পনা দলিলটির নানাদিক তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পরিকল্পনাসচিব মনজুর হোসেন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রমুখ। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘমেয়াদি পরিপ্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে। ২০২১ সাল নাগাদ বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করে এর পরিপ্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর প্রথম পাঁচ বছরের জন্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আর দ্বিতীয় পাঁচ বছরের জন্য হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এর পরিপ্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, দলিলটি মূলত একটি উন্নয়ন কৌশল। এর আলোকেই বাজেটের মাধ্যমে প্রতিবছর পরিকল্পনা নেওয়া হবে। শামসুল আলম বলেন, পিআরএসপি ছিল দাতাদের চাপিয়ে দেওয়া একটি কৌশল। আর পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলটি সম্পূর্ণ দেশজ চিন্তা-চেতনাপ্রসূত। তিনি আরও জানান, কোনো পরিকল্পনাই অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে চলে না। তাই আবার পঞ্চবার্ষিক পরিকল্পনা ফিরিয়ে আনা হয়েছে। প্রতিবছরই এর কৌশল ও তথ্য হালনাগাদ করা হবে। শামসুল আলম আরও জানান, দলিলটি বাস্তবায়নে ব্যক্তি খাতের বিনিয়োগকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার রাস্তাঘাট, জ্বালানিসহ অবকাঠামো তৈরি করবে। এর সঙ্গে সুশাসনও নিশ্চিত করবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলে ২০১৫ সাল নাগাদ সাতটি অগ্রাধিকার খাত ও অভীষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো: আয় বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাস, মানবসম্পদ উন্নয়ন (শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি), নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন, জ্বালানি ও অবকাঠামো, নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন, পরিবেশের ভারসাম্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার সাড়ে ৩১ থেকে ২২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করার ঘোষণা রয়েছে। পরিকল্পনা দলিলটি বাস্তবায়ন করতে প্রয়োজন হবে প্রায় ১৩ লাখ ৪৭ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি বিনিয়োগ তিন লাখ ১০ হাজার কোটি টাকা। আর মোট বিনিয়োগের ৭৭ শতাংশ বা ১০ লাখ ৩৯ হাজার ৩৬০ কোটি টাকা আসবে ব্যক্তি খাত অর্থাৎ বেসরকারি বিনিয়োগ থেকে।উল্লেখ্য, মধ্য মেয়াদি উন্নয়ন ধারণা নিয়ে ১৯৭৩ সালের জুলাই মাসে দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এরপর আরও চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০০২ সালে শেষ হয়েছে। এরপর তিন বছর মেয়াদি পিআরএসপি প্রণয়ন করা হয়। অন্তর্বর্তীকালীন পিআরএসপিসহ এ পর্যন্ত তিনটি দারিদ্র্য বিমোচনের কৌশল বাস্তবায়ন করা হয়েছে।