আনোয়ার-বুলুর মুক্তির ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ চায় বিএনপির
প্রধান বিরোধী দল বিএনপির সাংসদ এম কে আনোয়ার ও বরকতউল্লা বুলুর মুক্তির ব্যাপারে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছে বিএনপির সংসদীয় দল। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদীয় দল স্পিকারের দপ্তরে গিয়ে এ চিঠি দেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, শহীদউদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন আলম, রেহানা আক্তার ও শাম্মী আক্তার। তাঁরা জানান, স্পিকার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। আবুল খায়ের ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের দুজন জ্যেষ্ঠ সাংসদ কারাগারে আছেন। আমরা চাই সংসদের আগামী অধিবেশনে তাঁরা দলের অন্য সদস্যদের সঙ্গে যোগ দেবেন। সেজন্য তাঁদের মুক্তির ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছি।’