বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, এলডিপির সভাপতি অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান জামিনে মুক্তি পেয়েছেন। তবে জামিনপ্রাপ্ত বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।আজ সোমবার সন্ধ্যায় এম কে আনোয়ার ও মাহবুবউদ্দিন খোকন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবং অলি আহমদ ও আন্দালিব রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ছাড়া পান।হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলায় গতকাল পাঁচ সাংসদকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে আজ তাঁরা কারাগার থেকে মুক্তি পেলেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার ফরমান আলী প্রথম আলো ডটকমকে জানান, আজ রাত পৌনে আটটার দিকে এলডিপির সভাপতি অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান মুক্তি পান।মুক্তি পাওয়ার পর অলি আহমদ ও আন্দালিব রহমানকে কারাগারের সামনে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।তবে গাড়ি পোড়ানোর ওই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজনের জামিন প্রশ্নে গতকাল রুল জারি করেন আদালত। কেন তাঁদের জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলা করে। এর ১১ দিনের মাথায় বিরোধী দলের শীর্ষস্থানীয় এসব নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিরোধী দলের অভিযুক্ত নেতারা প্রথমে হাইকোর্টে আগাম জামিন চান। এরপর ১৬ মে মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠান। এরপর ২৩ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও তাঁদের করা জামিনের আবেদন নাকচ করা হয়।