আনোয়ার হোসেন জাহাঙ্গীরনগরের নতুন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, এখন ওই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।প্রথম আলোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, নতুন উপাচার্য নিয়োগের খবরে বিশ্ববিদ্যালয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরের একজন অধ্যাপককে উপাচার্য পদে নিয়োগ দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। আবার দাবি মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ায় কেউ কেউ খুশি হয়েছেন।শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী উপাচার্য পদত্যাগ করেছেন, এ জন্য সরকারকে অভিনন্দন জানাই।’ তবে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষক বলেন, ওই বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, তাঁদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে তাঁরা বেশি খুশি হতেন। এর আগে ৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। উপাচার্যকে অপসারণ বিষয়ে তাঁদের দাবি মেনে নেওয়ার আভাস দেন প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন শরীফ এনামুল কবির। এর পরপরই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে নতুন উপাচার্য হিসেবে আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেন তিনি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম এ সময় উপস্থিত ছিলেন।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, নতুন সিদ্ধান্তের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরে আসবে বলে তিনি আশাবাদী। প্রতিক্রিয়া জানতে চাইলে আনোয়ার হোসেন গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, এখনো আনুষ্ঠানিক নিয়োগপত্র পাননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার প্রথম কাজ হবে ওখানকার সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে তাদের কথা শোনা, যে সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় অচল হয় সেগুলো জানা ও বোঝার চেষ্টা করা। ’৭৩ সালের অধ্যাদেশ অনুসরণ করে আইন-কানুনের ভেতর থেকে সবার সঙ্গে আলোচনা করেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হবে।’ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পান বিজ্ঞানের শিক্ষক শরীফ এনামুল কবির। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিকে ভালো চললেও পরে তাঁর বিরুদ্ধে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। ছাত্রলীগের একটি অংশকে মদদ দেওয়ারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত জানুয়ারি মাসে ছাত্রলীগের হাতে জুবায়ের আহমেদ নামের এক ছাত্র নিহত হওয়ার পর উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এর পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অস্থির অবস্থা বিরাজ করছিল। শেষ পর্যন্ত শরীফ এনামুল কবিরকে উপাচার্যের পদ থেকে বিদায় নিতে হলো।