ইতিহাস-ঐতিহ্যের সমন্বয়ে কলকাতা নগর পরিণত হয়েছে সংস্কৃতির তীর্থভূমিতে। সাহিত্য, সংগীত, চিত্রকলা কিংবা সাধারণ মানুষের চালচলনে কলকাতার সবকিছুতেই আছে বাঙালিয়ানা। সেই কলকতাকেই ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন প্রখ্যাত আলোকচিত্রী আনোয়ার হোসেন। এসব আলোকচিত্রে পুরো শহরের সৌন্দর্য যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে দরিদ্র মানুষের দুঃখগাথাও।কলকাতা নিয়ে আনোয়ার হোসেনের তোলা শতাধিক আলোকচিত্র নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয়েছে ১৩ দিনব্যাপী প্রদর্শনী ‘ক্যালকাটা-কোলকাতা’। প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতের উপরাষ্ট্রদূত সঞ্জয় ভট্টাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি বেলাল চৌধুরী প্রমুখ।আনোয়ার হোসেন ছয় ভাগে বিভক্ত করেছেন প্রদর্শনীর ছবিগুলো। এগুলোর নাম: আত্মঅহং, দেয়াল, মানুষ, জনজীবন, পাশের জীবেরা ও উপাসনা। ছবিগুলো কলকাতার প্রামাণ্য আখ্যান। দেয়ালজুড়ে বেড়ে ওঠা সবুজ লতায় ঢেকে যাওয়া লাল কাস্তে কিংবা লেনিনের প্রতিকৃতির পাশে উঁকি দেওয়া বিলবোর্ডের লাস্যময়ী নারী—এমনই কিছু অসাধারণ ছবি নজরে পড়েছে এই প্রদর্শনীতে। এসব ছবির মধ্যে কোনো কোনো ছবি মধ্য বয়স পেরোনো কাউকে নিয়ে যাবে হয়তো গত শতকের সত্তরের দশকে, আর মাঝবয়সীকে নব্বইয়ে। ট্রাম, শ্যামবাজার, স্টার থিয়েটার, গড়ের মাঠ, জোড়াসাঁকো, গঙ্গা, দক্ষিণেশ্বর, সুভাষ বসু লেন ইত্যাদি নিয়ে কলকাতার যে সমৃদ্ধি, তা দেখার সুযোগ মিলবে এতে।আনোয়ার হোসেন কেবল একজন আলোকচিত্রশিল্পীই নন; একাধারে তিনি একজন দক্ষ চিত্রগ্রাহক এবং স্থপতিও। অর্ধশতাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আনোয়ার হোসেন আলোকচিত্রের ওপর সাতটি বই লিখেছেন। গতকাল শুরু হওয়া প্রদর্শনী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।শিল্পাঙ্গনে দলীয় প্রদর্শনীছবির বিষয়বস্তু সাধারণ। মানুষ, ফুল, পাখি, গাছ, প্রকৃতি, নদী কিংবা জড়জীবন। সাধারণ বিষয়বস্তুর মধ্য থেকে উঁচু মানের শিল্প বের করে এনেছেন সমকালীন শিল্পীরা। মূর্তের মধ্যে বিমূর্ত কিংবা অভিব্যক্তিবাদী প্রকাশভঙ্গির মাধ্যমে সাধারণ বিষয়কে নিয়ে রঙের অসাধারণ খেলায় মেতে ওঠেন তাঁরা।ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে সমকালীন ১৫ জন শিল্পীর দলীয় প্রদর্শনী। ‘এক্সপজিশন অব ১৫’ শিরোনামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পী শহীদ কবিরসহ একাধিক শিল্পী উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে মোট ৪৮টি চিত্রকর্ম ছাপা হয়েছে। প্রিন্ট-মাধ্যমের এই ছবিগুলো এঁকেছেন শিল্পী মনিরুল ইসলাম, কালিদাস কর্মকার, শহীদ কবির, সেলিনা চৌধুরী, আফরোজা জামিল, লায়লা শারমিন, রাফি হক, রশিদ আমিন, প্রশান্ত কর্মকার, নগরবাসী বর্মণ, আনিসুজ্জামান, জাহিদ ইকবাল, মুস্তাফা জামিল আকবর, জয়া শারমিন হক ও ফারজানা আহমেদ।গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন রুমি নোমান। প্রদর্শনীটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। গাইবান্ধায় পদক্ষেপের নাটক স্ফিংক্সগাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় গাইবান্ধার অন্যতম নাট্য সংগঠন পদক্ষেপের নাটক স্ফিংক্স। প্রবীর দত্ত রচিত এই নাটকের নির্দেশনায় ছিলেন আলাল আহম্মেদ। নিজস্ব মঞ্চে আয়োজিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আলাল, মাহফুজুল, শাহনাজ, অপু, মাসুদুল, রোমান, সাজেদুল, নয়ামুল, মৌদেব, ছালাম, সুজন, মনিরুজ্জামান, হারুন, গোলাম প্রমুখ।