আনোয়ারুল ইকবালের বক্তব্য নিয়েছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের আরেক সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আনোয়ারুল ইকবালের বক্তব্য নিয়েছে সিআইডি। গতকাল মঙ্গলবার বিকেলে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা আনোয়ারুল ইকবালের বক্তব্য নেন।গতকাল বেলা তিনটায় আনোয়ারুল ইকবালের সিআইডি কার্যালয়ে যাওয়ার কথা ছিল। তবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার আর সেখানে যেতে হয়নি। তদন্ত কর্মকর্তা তাঁর কাছে গিয়ে বক্তব্য নিয়েছেন।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আনোয়ারুল ইকবালের কাছে ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় র‌্যাবের ভূমিকা সম্পর্কে জানতে চান তদন্ত কর্মকর্তা। জবাবে তিনি বলেছেন, ওই সময় সরকারি সিদ্ধান্ত ছিল, কোনো রাজনৈতিক কর্মসূচিতে র‌্যাব মোতায়েন করা হবে না। তাই ওই দিন বঙ্গবন্ধু এভিনিউতে র‌্যাব মোতায়েন ছিল না।এ ছাড়া আরও তিনটি বিষয়ে সিআইডি আনোয়ারুল ইকবালের বক্তব্য নিয়েছে, সেগুলো হচ্ছে: ২০০০ সালে কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তা কেন তামিল করা হলো না? ২০০৫ সালের ১ অক্টোবর গ্রেপ্তারের পর মুফতি হান্নান টানা ১২০ দিন র‌্যাবের হেফাজতে রিমান্ডে ছিলেন এবং তখন তিনি অন্যান্য ঘটনার পাশাপাশি ২১ আগস্ট হামলার কথাও স্বীকার করেছিলেন। কিন্তু পরে সিআইডির কাছে তিনি কেন তা স্বীকার করেননি এবং আদালতে কেন ২১ আগস্ট হামলার কথা বাদ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন? ২০০৫ সালে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদে স্বীকার করার পরও কেন মুফতি হান্নানকে ২১ আগস্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি?সংশ্লিষ্ট সূত্র জানায়, আনোয়ারুল ইকবালের মতো এসব প্রশ্ন আগের দিন পুুলিশের আরেক সাবেক কর্মকর্তা খোদা বক্সকেও করা হয়েছিল। ২১ আগস্ট মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে জজ মিয়ার গল্প হাজির করার সময় খোদা বক্স ছিলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান। অবশ্য খোদা বক্স ‘জজ মিয়ার গল্প’ তৈরির দায় মামলাটির তৎকালীন তদন্ত তদারক কর্মকর্তা রুহুল আমিনের ওপর চাপিয়েছেন বলে জানা গেছে।তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আনোয়ারুল ইকবাল প্রতিটি বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার সময় র‌্যাবের মহাপরিচালক ছিলেন। এরপর ২০০৫ সালের ২২ এপ্রিল তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) পদে বদলি হন। ২০০৬ সালের ৬ জুলাই তিনি আইজিপি হন। তবে একই বছর ২ নভেম্বর তিনি চাকরি থেকে ইস্তফা দেন। পরে ২০০৭ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন।সিআইডির সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সময় পুলিশের বিশেষ শাখার প্রধান ও পরবর্তী সময়ে পুলিশের আইজি আবদুল কাইয়ুম (অবসরপ্রাপ্ত), সাবেক আইজি শহুদুল হক, তৎকালীন ভারপ্রাপ্ত মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমান খান, উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান এবং একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সাবেক কয়েকজন কর্মকর্তাকে গত ডিসেম্বর ও জানুয়ারিতে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।