আনোয়ারুল কবীর নিষ্ক্রিয়, রেজাউল করীমের দায়িত্বে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়াকে নিষ্ক্রিয় করা হয়েছে। একই সঙ্গে কমিশনের পরিচালক রেজাউল করীমের দপ্তর পরিবর্তন করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা আদায় ও কমিশনের গুরুত্বপূর্ণ তথ্যপাচারের অভিযোগে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে আজ মঙ্গলবার কমিশন এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। আজই দুজনকেই চিঠির মাধ্যমে কমিশনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।কমিশন সূত্র জানিয়েছে, নির্বাহী পরিচালকের হাতে থাকা কমিশনের দায়িত্ব কেড়ে নিয়ে অন্যদের মধ্যে বণ্টন করা হয়। এর মধ্যে রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্ব কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে এবং সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেটস অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ (এসআরএমআইসি) বিভাগের দায়িত্ব সংস্থাটির পরিচালক মাহবুবুল আলমের হাতে ন্যস্ত করা হয়েছে।এ ছাড়া কমিশনের পরিচালক রেজাউল করীমকে সার্ভিল্যান্স বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন কমিশনের উপপরিচালক মাহমুদুল হক। রেজাউল করীমকে সার্ভিল্যান্স বিভাগ থেকে সরিয়ে ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্সের (সিএমআরআরসি) বিভাগে ন্যস্ত করা হয়েছে।এসইসির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই দুই কর্মকর্তার বিরুদ্ধে কমিশনের গোপন অনেক সিদ্ধান্ত সংশ্লিষ্টদের আগাম জানিয়ে দিয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্র জানায়।এর আগে এসইসির তত্কালীন সদস্য মনসুর আলমকেও নিষ্ক্রিয় করেছিল কমিশনের চেয়ারম্যান। এরই পরিপ্রেক্ষিতে ১১ জানুয়ারি তিনি এসইসির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এরও আগে চেয়ারম্যানকে না জানিয়ে বাজারের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি নির্দেশনা জারির অভিযোগে মনসুর আলমকে শোকজও করা হয়।মনসুর আলমের মতো আনোয়ারুল কবীর ভূঁইয়ার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়।জানা গেছে, আনোয়ারুল কবীর ভূঁইয়ার বিরুদ্ধে সাবেক দুর্নীতি দমন ব্যুরোতে (বর্তমান দুর্নীতি দমন কমিশন) মামলাও হয়েছিল।