আন্তজেলা ডাকাত দলের ১৬ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বগুড়া, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বগুড়া থেকে তিনজন, নাটোর থেকে ছয়জন এবং নওগাঁ থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার করা ডাকাতদের নওগাঁ ও নাটোরে ব্যাংক ডাকাতির পরিকল্পনা ছিল বলে জানা যায়।বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ও ডিবি পুলিশের ওসি মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশে একটি দল গতকাল রাতে বগুড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা এর আগে বগুড়ার শেরপুরে এবং নন্দীগ্রামে দুটি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।গ্রেপ্তারকৃতরা ভোলা, বরিশাল, চাঁদপুর, ফরিদপুর, যশোর ও ঝিনাইদহ জেলার বাসিন্দা। ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়াদের সবাই ঢাকায় বসবাস করে। এদের মধ্যে একজন লিডার রয়েছে যার পরামর্শে বিভিন্ন জেলায় ব্যাংক ডাকাতি করে তারা আবার ঢাকায় ফিরে যায়।’