আন্তজেলা ভলিবলে খুলনা আঞ্চলিক চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত আন্তজেলা ভলিবল প্রতিযোগিতায় খুলনা জেলা দল আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৭ নভেম্বর যশোরে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে খুলনা জেলা দল সরাসরি ৩-০ সেটে (২৫-১৩, ২৫-১৬, ২৫-২২) নড়াইল জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে খুলনা জেলা দল প্রথম খেলায় ৩-০ সেটে (২৫-১৭, ২৫-১৩, ২৫-২০) যশোর জেলা দলকে এবং দ্বিতীয় খেলায় ৩-০ সেটে (২৫-১৫, ২৫-২০, ২৫-১৫) কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে ফাইনালে ওঠে।ফুলতলায় বঙ্গবন্ধু ফুটবলে বেজেরডাঙ্গা চ্যাম্পিয়ন: খুলনার ফুলতলা উপজেলায় অনুষ্ঠিত প্রথম বঙ্গবন্ধু কাপ আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৭ নভেম্বর ফুলতলা রেলস্টেশন সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বেজেরডাঙ্গা ফুটবল ক্লাব ৫-০ গোলে গোলদারপাড়া তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের মুরাদ তিনটি গোল করে টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করে এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন গৌর হরি দাস এবং তাঁকে সহযোগিতা করেন মাহাবুব হাজরা ও তারেক হাসান।খেলা শেষে মেহের আলী সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক সরদার শাহাবুদ্দিন। অনুষ্ঠানে জাতীয় পার্টির ফুলতলা উপজেলা সভাপতি এম জোহর আলী মোড়ল, আবদুুল মালেক মোল্লা, এস মৃণাল হাজরা, জিয়া হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বটিয়াঘাটায় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত: বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া মধ্যপাড়া আইসিএম ক্লাবের উদ্যোগে গত ২৫ নভেম্বর আট দলীয় হা-ডু-ডু খেলা স্থানীয় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মাছালিয়া হা-ডু-ডু দল শলুয়া হা-ডু-ডু দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সমীর কুমার সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চানন বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন মানস পাল, সূর্য্যকান্ত বৈরাগী, বীরেন্দ্রনাথ মণ্ডল, ইউপি সদস্য কিশোর বিশ্বাস, রবীন্দ্রনাথ বৈরাগী, হাজরাকালী রায়, সুভাষ গাইন প্রমুখ। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি সাদা-কালো টেলিভিশন ও রানার আপ দলকে একটি ক্যাসেট প্লেয়ার দেওয়া হয়।বটিয়াঘাটায় ফুটবলে দিঘলিয়ার শিরোপা জয়: বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের কল্যাণশ্রী শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আটদলীয় ফুটবল টুর্নামেন্টে দিঘলিয়া উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৮ নভেম্বর উপজেলার কল্যাণশ্রী মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে দিঘলিয়া উপজেলা একাদশ ৩-০ গোলে ডুমুরিয়া আঁকড়া একাদশকে পরাজিত করে।