আন্তমহাসড়কে খানাখন্দ!
‘এডা কেংকা আস্তা! এখানে যে বড় বড় খাদি। অ ডাইভার ভাই, এনা দেক্যা-শুনা চলবেন। গাড়ি যাত উল্ট্যা না যায়।’ বগুড়ার শিবগঞ্জের আঞ্চলিক ভাষায় এক বাসযাত্রী কথাগুলো বললেন। ২৭ সেপ্টেম্বর বগুড়া-জয়পুরহাট আন্তমহাসড়কে কিচক বাজারের কাছে একটি লোকাল বাসে চালকের সঙ্গে যাত্রীর এই কথোপকথন শোনা গেল। তাঁর আশঙ্কা, রাস্তার গর্তে গাড়ির চাকা পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।ওই সড়কে চলাচলকারী চালক, হেলপার, যাত্রী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই আন্তমহাসড়কের একাধিক স্থানে গর্ত রয়েছে। তবে উপজেলার মধ্য দিয়ে যাওয়া সড়কটির সবচেয়ে ভয়াবহ অবস্থা কিচক বাজার এলাকায়। এখানে এত বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা রীতিমতো বিপজ্জনক। একটু বৃষ্টিতে এসব গর্ত ও খাদ পানিতে ভরে যায়। এ সময় ভারী যান চলাচল দূরের কথা, ভ্যান-রিকশা, সাইকেল এমনকি হেঁটে যাতায়াত করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। অথচ এ পথে প্রতিদিন বগুড়া ও জয়পুরহাট জেলার বিপুলসংখ্যক মানুষ চলাচল করে। এলাকাবাসী দুর্ভোগের হাত থেকে রেহাই পেতে বিভিন্ন জায়গায় ধরনা দিলেও কোনো লাভ হচ্ছে না।কাপড় ব্যবসায়ী ফোরকান আলী জানান, বড় কষ্টে আছে এলাকাবাসী। সড়কটি একটু সংস্কার করলেই এলাকার মানুষ চরম দুর্ভোগ হতে রেহাই পায়। বাসের হেলপার শেখ রাসেল জানান, কিচক বাজারের ওখানে সড়কের বেহাল অবস্থার কারণে মাঝেমধ্যেই যানজটের সৃষ্টি হয়। ফলে তাঁদের সময়ের অপচয় হয়।এলাকার মুদি ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘আস্তাডাত ডোবা ভর্তি। পেরায়ই গাড়ি যাওয়ার সোময় চাকার কাদো-পানি দিয়া মানষের কাপড়চোপড় ভিজা যায়।’ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফছার আলী বলেন, সড়কের এ অবস্থা নিয়ে এলাকার মানুষ বিড়ম্বনায় আছে। গর্তগুলোয় মাঝেমধ্যে ইট ফেলে তা ভরাটের চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয় না। এ সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম স্বীকার করেন, সড়কটির ওই অংশের কারণে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।