পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী দেশের সঙ্গে আন্তযোগাযোগ বাড়ানোর লক্ষ্যে নেপাল ও ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। একই ধরনের ট্রানজিট-সুবিধা ভারতকে তার উত্তর-পশ্চিমে অবস্থিত রাজ্যগুলোর জন্য দেওয়া হয়েছে। এই সংযোগ মিয়ানমার ও চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ পর্যন্ত সম্প্রসারিত হবে।আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রেহানা আক্তারের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী এই তথ্য দেন।মন্ত্রী আরও জানান, বর্তমানে ভারত-বাংলাদেশ নৌ প্রোটোকলের আওতায় ভারতকে সীমিত আকারে বাংলাদেশের নৌপথ ব্যবহারের জন্য ট্রানজিট দেওয়া হয়েছে। নৌপরিবহন রুটের ব্যবহারজনিত রক্ষণাবেক্ষণের জন্য ভারত বাংলাদেশকে ৫ দশমিক ৫ কোটি টাকা রক্ষণাবেক্ষণ ফি দেবে। বাংলাদেশ এই টাকা ১০ কোটিতে উন্নীত করার প্রস্তাব দিয়েছে।নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে একটি কন্টেইনার ট্রেন পরীক্ষামূলকভাবে পরিচালনার বিষয় আলোচনার পর্যায়ে রয়েছে। চলতি বছরের মধ্যেই পরীক্ষামূলক প্রকল্পটি বাস্তবায়িত হবে।বিএনপির সাংসদ হারুনুর রশিদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, ২০০০ সাল থেকে গত বছর পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ভাড়া হিসাবে প্রায় চার হাজার কোটি টাকা আয় করেছে। এর মধ্যে সশস্ত্র বাহিনী আয় করেছে তিন হাজার ৫১৭ কোটি ৭০ লাখ ৮৬ হাজার টাকা। অন্যদিকে ২০০৬ সাল থেকে গত বছর পর্যন্ত পুলিশ আয় করেছে ৩৩৫ কোটি দুই লাখ ৬৪ হাজার টাকা।