আন্তরিকভাবে বাংলা শেখার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আদৃতা হাবিবের প্রশ্ন, ‘স্যার, বলতে পারেন, বাংলা ভাষায় মাস্টার বা স্কেলের মতো শব্দ লিখতে “শ” ব্যবহার না করে কেবল “স” ব্যবহার করতে হয় কেন?’ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী রিফাত ইসলামের প্রশ্ন ছিল, ‘ইংরেজি বর্ণমালা লিখতে বড় ও ছোট পৃথক অক্ষর আছে, কিন্তু বাংলায় সে রকম অক্ষর নেই কেন?’খুদে ভাষাবিদদের এমন সব বুদ্ধিদীপ্ত প্রশ্নে গতকাল সোমবার প্রাণবন্ত হয়ে ওঠে ‘এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১০’-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতা। দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুর জেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষার্থীদের বাংলা ভালোমতো পড়া, মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকভাবে শেখা ও সুন্দর করে লেখার শপথ করান।সকাল আটটার আগেই বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। পৌনে ১০টায় জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন রফিকুল ইসলাম। ভাষা প্রতিযোগ পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুুল হক। এরপর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ভাষা প্রতিযোগের দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার মেয়র সফিকুল হক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার, শাহাদাত হোসেন, দিনাজপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আহমেদ হোসেন, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুল ইসলাম, স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে শহরের সেন্ট যোশেফস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সোমনাথ দত্ত জানায়, তার পরীক্ষা খুব ভালো হয়েছে। পরে দেখা গেল, প্রাথমিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সে।রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক মাহবুবুুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মঞ্জুর, দিনাজপুরের বিশিষ্ট ভাষাবিদ শিক্ষক পুলিন বিহারী চক্রবর্তী, রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ আই এম মুসা, এইচএসবিসি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ফুয়াদ ইব্রাহিম রেজাউল ইসলাম, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার ও দিনাজপুর বন্ধুসভার সভাপতি এখলাসুর রহমান।অধ্যাপক মাহ্বুবুল হক বলেন, ‘বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে ও ভাষার সৌন্দর্য বাড়াতে বিদেশি ভাষা থেকে অর্থবোধক শব্দ আমরা নিতে পারি। কিন্তু বাংলা ভাষায় যেসব শব্দ আছে, এর বদলে বিদেশি শব্দ ব্যবহার করার প্রশ্নই ওঠে না।’তারিক মঞ্জুর বলেন, বাংলা শব্দ নিয়ে নানা রকম খেলা আছে। নিয়মিত চর্চার মাধ্যমে তা জানা সম্ভব।পুলিন বিহারী চক্রবর্তী বলেন, আজ থেকে ৫০০ বছর আগে বাংলা ভাষার যে রূপ ছিল, বর্তমানে তা নেই। অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ ও জনপ্রিয় করতে এর যথাযথ চর্চা করার আহ্বান জানান।প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধমিক চারটি বিভাগের মোট ৫২টি পুরস্কারের মধ্যে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ২২টি, রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ১৬, ঠাকুরগাঁওয়ের শিক্ষাপ্রতিষ্ঠান ১২ এবং নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দুটি পুরস্কার লাভ করে। অধ্যাপক মাহবুবুুল হক, তারিক মঞ্জুর, এ আই এম মুসা, পুলিন বিহারী চক্রবর্তী ও রফিকুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।