আন্তর্জাতিক অপরাধ আদালত যেভাবে গড়ে ওঠে
আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যুদ্ধাপরাধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস বলে, যুদ্ধকালে নিরীহ মানুষদের ওপরে নৃসংশতার ইতিহাস অনেক পুরনো। একই সঙ্গে যুদ্ধনীতি বা যুদ্ধে পরাজিত দলের সঙ্গে কী ধরণের আচরণ করা হবে, তা নিয়ে আলাপ-আলোচনাও অনেক দিনের। তবে জাতি রাষ্ট্রের ধারণার বিকাশের সঙ্গে সঙ্গে যুদ্ধাপরাধ নিয়ে আলোচনা বাড়তে থাকে। কার্যত ১৯ শতকে বিশ্বের বিভিন্ন স্থানে, বিশেষত ইউরোপে, যুদ্ধাপরাধ বন্ধের দাবি জোরালো ভাবে সামনে আসে। যুদ্ধকালে নিরীহ মানুষদের ওপরে জোর-জুলামকে অন্যায়, অবিচার ও মানবাধিকারের লঙ্ঘন বিবেচনার দাবি ক্রমে ঘনিয়ে ওঠে।প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বকে প্রবলভাবে নাড়া দেয়। যুদ্ধরত রাষ্ট্রগুলোর সেনাবাহিনী বিরোধী পক্ষের ও নিজ জাতির মানুষদের ওপরে চরম নির্যাতন-নিপীড়ন চলায়। বিশ্বের অন্যতম ভয়াবহ এ যুদ্ধে প্রায় দুই কোটি বেসামরিক ও সামরিক মানুষ প্রাণ হারায়। যুদ্ধে শেষে অপরাধ নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়। আনুষ্ঠানিক বিচারের কাজও শুরু হয় এ সময়ই। তবে তা আন্তর্জাতিক পর্যায়ে নয়, এককভাবে।প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত শক্তিদের মধ্যে তুর্কিদের আর্মেনীয় নিধন, জার্মানদের বেলজিয়ামের ধ্বংসযজ্ঞ এবং রাশিয়ার ইহুদি হত্যার প্রতিবাদে তখনকার বিভিন্ন মানবাধিকার সংগঠন সরব হয়েছিল। জাতিপুঞ্জ গঠনের সময় এ ইস্যুটি ছিল অন্যতম প্রধান বিতর্কিত বিষয়। কিন্তু জাতিপুঞ্জের বিলোপ বিচারকে এগোতে দেয়নি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয় যুদ্ধাপরাধের বিচার। জগতের ভয়াবহতম এ যুদ্ধে প্রায় ছয় কোটি মানুষ প্রাণ হারায়। যুদ্ধে রোগে ভুগে, খাদ্যাভাবে, গণহত্যার শিকার হয়ে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায়। তবে সংগঠিত অপরাধের মধ্যে গণহত্যা, ধর্ষণ, হত্যা এগুলোর পরিমাণ ছিল লক্ষনীয়ভাবে বেশি। জাপানে আনবিক বোমা হামলাও ছিল অন্যতম বিতর্কিত ঘটনা। তবে এ জন্য যুক্তরাষ্ট্রের কাউকে বিচারের মুখোমুখি হতে হয়নি।যুদ্ধাপরাধের বিচারে আদালত প্রতিষ্ঠাযুদ্ধাপরাধের বিচার করার জন্য অখণ্ড আইন বা একক আদালত প্রতিষ্ঠার আপাত সমাধান হয় ১৯৯৮ সালে। এ বছর জাতিসংঘের রোম সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়। ২০০২ সালের ১১ এপ্রিল প্রথমবারের মতো ১০টি দেশ রোম সংবিধি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠায় সম্মত হয়।২০০২ সালের ১ জুলাই রোম সংবিধি কার্যকর হয়। ২০০০ সালে যুক্তরাষ্ট্র রোম সংবিধিতে স্বাক্ষর করে। তবে ২০০২ সালে দেশটি সংবিধি মেনে না চলার ঘোষণা দেয়।যুদ্ধাপরাধ বিষয়ক আদালত প্রতিষ্ঠার উদ্যোগ পনের শতক থেকে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর আচরণ বিধি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এ সময়ে মানবাধিকারের সাধারণ ধারণা সাম্রাজ্যগুলোর মধ্যে বিবেচিত হয়নি। তাছাড়া মানব জাতির একটি বড় অংশকে মানুষ হিসেবেই বিবেচনা করা হতো না। ‘দাস’ হিসেবে বিবেচিত হওয়ায়, এ মানুষগুলো তাঁদের ওপরে চালানো নির্যাতন, নিপীড়ন বা শোষণের বিচার পেত না। সেনাবাহিনীগুলো এখনকার মতো এতো সংগঠিত ছিল না। দেখা যেত যুদ্ধের সময় কৃষকদের জোর করে সেনাবাহিনীতে ঢুকানো হতো। আবার পরে তাঁরা চাষাবাদে ফিরে যেতেন। সাম্রাজ্যগুলোও পরস্পরের সাথে যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকতো। আন্তর্জাতিক সম্পর্কও এমন ছিল না, যাতে একটি অখণ্ড আইন প্রণয়ণে সবাইকে একমত করানো সম্ভব হয়।১৮৭৪ সালে ব্রাসেলস চুক্তির খসড়া করার সময় যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর আচরণ নিয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয়। তবে, আলোচনা খুব বেশি দূর এগোয়নি।‘ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ল’ ১৮৮০ সালে ‘ম্যানুয়েল অন দ্য ল-স অব ওয়্যার অন ল্যান্ড’ নামে স্থলযুদ্ধের খসড়া নীতি তৈরি করে। এ খসড়াকে ১৮৯৯ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত হেগ শান্তি সম্মেলনে যুদ্ধনীতির খসড়া হিসেবে বিবেচনা করা হয়।১৯০৭ সালের হেগ সম্মেলনে ‘যুদ্ধক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভঙ্গের’ বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। তবে এতে কেবল রাষ্ট্রের দায়দায়িত্বের বিষয়টি আলোচনায় আসে, ব্যক্তির দায় উপেক্ষিতই থেকে যায়। এ সম্মেলনে যুদ্ধাপরাধ ও যুদ্ধনীতিকে আইনী কাঠামোর মধ্যে এনে একটি আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার করার প্রস্তাবনা উত্থাপিত হয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ব্রিটেন ও জার্মানির কিছু আপত্তি থাকায় যুদ্ধে লিপ্ত দেশগুলোর মধ্যে বাধ্যতামূলক সালিস-নিষ্পত্তির আইন তৈরি সম্ভব হয়নি। এতে ওই সম্মেলন প্রায় ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে দেশগুলো যেন স্বেচ্ছায় সালিস-নিষ্পত্তিতে রাজি হয়, সে প্রচেষ্টা নেওয়া হয়। সম্মেলনে মোট ১৩টি সিদ্ধান্ত গৃহীত হয়। যার ১১টি সিদ্ধান্তই পরে কার্যকর হয়েছিল। এ হেগ সম্মেলনের সিদ্ধান্তের আগে, ১৬৪৮ সালে স্বাক্ষরিত ওয়েস্টফিলিয়া চুক্তির অধীনে যুদ্ধবিষয়ক দ্বন্দ্বের সালিস-নিষ্পত্তি করা হতো।প্রথম বিশ্বযুদ্ধের সময় ও এর অব্যবহিত পরে যুদ্ধে লিপ্ত দেশগুলো নিজেদের আইন বা বিচার ব্যবস্থার মাধ্যমে শত্রু রাষ্ট্রের সেনাদের ‘আইন ও যুদ্ধনীতি ভঙ্গের দায়ে’ বিচার করতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯১৯ সালে ফ্রান্সের ভার্সাইয়ে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যদিয়ে। এ চুক্তির ২২৭ নম্বর ধারায় বলা হয়, ‘জার্মানির সাবেক কাইজার দ্বিতীয় ভিলহেমর আন্তর্জাতিক নৈতিকতা ভঙ্গ করেছেন।’ এজন্য তাঁর বিচার হওয়ার কথা। তবে তত্কালীন রাজনৈতিক জটিলতায় তাঁর বিচার সম্পন্ন হয়নি, কেবল সিংহাসনচ্যুত করা হয়।এ সময়ে যুদ্ধাপরাধের বিচার করতে গিয়ে একটি অসঙ্গতি ও প্রতিবন্ধকতা সবার দৃষ্টি আকর্ষণ করে। কোন একজন ব্যক্তির বিচার তাঁর দেশ ছাড়া অন্য কোন দেশ করতে পারছে না। ফলে নতুন আইনের প্রয়োজন জরুরি হয়ে দেখা দেয়।প্রথম বিশ্বযুদ্ধে অপরাধীদের বিচারে ১৯২১ সালে লিপজিগ যুদ্ধাপরাধী বিচার অনুষ্ঠিত হয় জার্মানির সর্বোচ্চ আদালত বিচার হয়।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধ বিষয়ক আদালতদ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, বিভত্সতা ও গণহত্যা মানবিকতাকে ভীষণভাবে পদদলিত করে। এ সময় মিত্র বাহিনীর (সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও চীন) হাতে পরাজিত অক্ষশক্তির (জার্মানি, জাপান ও ইতালি) সেনাবাহিনীর সদস্যদের বিচারের দাবি ওঠে। এজন্য জার্মানির ন্যুরেমবার্গ ও জাপানের টোকিওতে দুটি আদালত প্রতিষ্ঠা করা হয়। আদালত দুটির অধীনে অভিযুক্তদের বিচার শুরু হয়।ন্যুরেমবার্গ ও টোকিও ট্রাইব্যুনাল১৯৪২ সালের ১৩ জানুয়ারি ‘ডিক্লারেশনস অব সেন্ট জেমস’-এ বলা হয় যুদ্ধের জন্য দায়ী ব্যক্তিদের ন্যায়বিচারের ভিত্তিতে বিচার হওয়া উচিত। যেসব ব্যক্তি অপরাদের নির্দেশ দেয়, প্ররোচিত করে বা অংশ নেয়, তাদের দোষী সাব্যস্ত করে বিচার হওয়া উচিত।দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৫ সালে ন্যুরেমবার্গে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল (আইএমটি) বা ন্যুরেমবার্গ ট্রাইব্যুনাল। ১৯৪৬ সালের ২৯ এপ্রিল টোকিওতে ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট (আইএমটিএফই) বা দূরপ্রাচ্যের জন্য আন্তর্জাতিক সামরিক আদালত প্রতিষ্ঠিত হয়।ন্যুরেমবার্গ বিচারের সময় ‘বিগ ফোর’ হিসেবে পরিচিত সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স একজন করে বিচারক ও আইনজীবী নিয়োগ করে। যুদ্ধের সময় ‘শান্তিবিরোধী অপরাধ’, ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’-এর বিচারের জন্য বিগফোর একমত হয়। গোয়েরিং এবং আরও কয়েকজনের বিচার শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সভা ভেঙে দেওয়া হয়। বিগফোরের দেশগুলো একসাথে বিভিন্ন অপরাধের বিচার চালাতে সম্মত না হওয়ায় সভা ভেঙে যায়। তবে দেশগুলো নিজেদের এলাকা ভাগ করে এবং নিজ আওতাধীন ব্যক্তির বিচার করার সুযোগ পায়। তবে যুক্তরাষ্ট্র ন্যুরেমবার্গে আরও ১২টি মামলা চালাতে সম্মত হয়।টোকিওতে জাপানি মন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের বিচার শুরু হয়। জাপানের সাথে যুদ্ধরত ছিল এমন ১১টি দেশ নিজেদের প্রতিনিধি নিয়োগ করে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, চীন, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ফিলিপাইন, ফ্রান্স, ভারত (অবিভাজিত), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এসময় দুই বছরের মধ্যে সব অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়। সাত জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।ন্যুরেমবার্গ ও টোকিও বিচারের মাধ্যমে আন্তর্জাতিক আইন অনেক অগ্রসর হয়। আধুনিক অপরাধ বিষয়ক আইনের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয় এসব আদালতের মূলনীতিকে। তবে অনেকে এসব আদালতকে একপেশে বলে বিবেচনা করেন। কারণ, জাপানে গণহত্যা চালানো এবং আনবিক বোমা হামলা চালানোর পরেও যুক্তরাষ্ট্রের কোন সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি হতে হয়নি।দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রচেষ্টান্যুরেমবার্গ ও টোকিও-র পর জাতিসংঘের সাধারণ পরিষদ একটি স্থায়ী অপরাধ আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এজন্য জাতিসংঘ আন্তর্জাতিক আইন কমিশন (আইএলসি)-কে অনুরোধ করে সম্ভাব্যতা যাচাইয়ের। ১৯৫০’র দশকে বিভিন্ন সময়ে খসড়া সংবিধি উত্থাপিত হলেও শীতল যুদ্ধের কারণে তাত্পর্যপূর্ণ কোন অগ্রগতি সাধিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশের আদালতে পৃথকভাবে যুদ্ধাপরাধের বিচার হয়, কিন্তু একটি স্থায়ী আদালতের প্রতিষ্ঠা স্বপ্নই থেকে যায়।আইএলসি-র ঝিমিয়ে পড়া উদ্যোগ ১৯৮৯ সালে এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে জীবন ফিরে পায়। ত্রিনিদাদ ও টোবাকো মাদক চোরাকারবারীদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক বিচারিক ফোরাম চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আবেদন জানায়। ১৯৮৯ সালে সাধারণ পরিষদ এ উদ্দেশ্যে একটি বিশেষ বৈঠকের আয়োজন করে। ১৯৯০ সালে আইএলসি এ বিষয়ে যে প্রতিবেদন দাখিল করে, তা চোরাকারবারি ছাড়াও অন্য বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। প্রতিবেদনটি সাদরে গৃহীত হয় এবং আইএলসিকে প্রকল্প চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একটি আন্তর্জাতিক আদালতের প্রতিষ্ঠার সম্ভাবনা তেমন ছিল না। তবে এ সময়ে যুগোস্লাভিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের কোন ব্যতয় হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে নিরাপত্তা পরিষদ একটি বিশেষজ্ঞ পরিষদ গঠন করলে নতুন পরিস্থিতি তৈরি হয়। শীতল যুদ্ধের অবসান বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেয়। ক্ষমতাধর দেশগুলো এ নিয়ে উদ্যোগী হয়। বলকান অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একটি সাধারণ আইনের প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করতে পারে।এ সময় যুগোস্লাভিয়া ও রুয়ান্ডায় যুদ্ধাপরাধের বিচার করার জন্য যে দুটি অস্থায়ী আদালত প্রতিষ্ঠিত হয়, তা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠার পথ সুগম করে। এ দুটি ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানবাধিকার আইনের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন আনে। যুগোস্লাভিয়ার ট্রাইব্যুনালে ধর্ষণ ও দাস বানানোকে প্রথমবারের মতো অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকলেও তাঁকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালের সাথে যুগোস্লাভিয়া ও রুয়ান্ডার ট্রাইব্যুনালের তফাত্ অনেক। ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালে বিজয়ী দেশগুলো মিলে বিজিত দেশের সেনাদের বিচার করেছে। কিন্তু, তা আন্তর্জাতিক হয়ে ওঠেনি। অপরদিকে যুগোস্লাভিয়ার আদালতের মূল কাজ ছিল বলকান অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। যুদ্ধ বন্ধে কোন শান্তিপূর্ণ পথ বা উপায় না থাকায় সমাধানের লক্ষ্যে এ আদালত প্রতিষ্ঠিত হয়। ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালে আপিল করার কোন সুযোগ ছিল না, যা পরবর্তী আদালতগুলো নিশ্চিত করে। যুগোস্লাভিয়া ও রুয়ান্ডার আদালত প্রতিষ্ঠার জন্য দুই বছর সময় লেগেছিল। একটি অস্থায়ী আদলত প্রতিষ্ঠায় এ দীর্ঘসূত্রিতা একটি স্থায়ী আদালতের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাকে বাড়িয়ে তোলে।অবশেষে ১৯৯৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার একটি খসড়া মডেল সাধারণ পরিষদে উত্থাপিত হয়। এজন্য ১৯৯৬ সালে একটি গঠন কমিটি তৈরি হয়। ১৯৯৮ সালের এপ্রিল মাসে সংবিধির খসড়া সাধারণ পরিষদে পেশ করা হয়। এর ভিত্তিতে জুন মাসে রোমে পাঁচ সপ্তাহব্যাপী এক সম্মেলনের আয়োজন করা হয়।রোম সংবিধি আন্তর্জাতিক অপরাধ আদালত বিষয়ক রোম সংবিধি (যা আন্তর্জাতিক অপরাধ আদালত সংবিধি বা সংক্ষেপে রোম সংবিধি নামে পরিচিত) একটি আন্তর্জাতিক চুক্তি। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে এক কূটনৈতিক সম্মেলনের মধ্য দিয়ে আইসিসির প্রতিষ্ঠা। আদালতটি কার্যকর হয় ২০০২ সালের ১ জুলাই। এই তারিখের পরে সংঘটিত যেকোন অপরাধের বিচার করতে পারবে আদালত। কিন্তু এর পূর্বের কোন অপরাধের বিচার এ আইনের অধীনে হবে না। এ কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত অপরাধের বিচারের জন্য দালাল আইনের সহায়তা নেওয়া হয়েছিল। ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১২১টি রাষ্ট্র এই সংবিধিকে অনুমোদন করে। এই আইন অনুযায়ী, আইসিসি কয়েকটি আন্তর্জাতিক অপরাধের বিচার করতে পারে। এসব অপরাধ হলো: গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসন চালানো। তবে এ আইন তখনই কার্যকর হবে, যখন যুদ্ধরত দেশগুলো নিজেরা সমঝোতা করতে চাইবে না। অপর শর্তানুযায়ী, রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলোতেই কেবল এ আইন কার্যকর হবে।এখন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, মধ্য আফ্রিকিয় প্রজাতন্ত্র, কেনিয়া, লিবিয়া, আইভরি কোস্ট এবং সুদানের দারফুরে কার্যকর আছে আইসিসি।