আন্তর্জাতিক অপরাধ আদালতে রাতকো ম্লাদিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহভাজন বসনীয় সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচকে আজ শুক্রবার প্রথমবারের মতো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হয়েছে। আইসিসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বসনিয়া যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা বিষয়ে ম্লাদিচের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে পড়ে শোনানো হয়েছে। এ সময় তিনি তাঁর মাথা ঝাঁকান।ম্লাদিচ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘পৈশাচিক’ ও ‘নোংরা’ বলে অভিহিত করেছেন। এই অভিযোগের বিরুদ্ধে তিনি আপিল করবেন না বলেও জানিয়েছেন। আগামী ৪ জুলাই আদালতে তাঁর হাজির হওয়ার পরবর্তী দিন ঠিক করা হয়েছে।হেগের প্রধান আইনজীবী সার্জি ব্রামারটেজ বলেছেন, ম্লাদিচ তাঁর ক্ষমতা ব্যবহার করে যে নির্মম হত্যাযজ্ঞ চালান, তার জন্য তাঁকে অবশ্যই জবাব দিতে হবে।ম্লাদিচকে ১১টি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যে বসনিয়া যুদ্ধের সময় সংঘটিত গণহত্যার বিষয়টি অন্যতম।সার্ব সরকার গত মঙ্গলবার ম্লাদিচকে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করে। তিনি এখন আইসিসির কারাগারে আছেন।১৯৯২ থেকে ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে।রাতকো ম্লাদিচকে গত বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলীয় জেনজানিন শহরের কাছে লাজারোভো গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৬ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।