আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে বিল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন করার বিধান রেখে সংসদে বিল উত্থাপিত হয়েছে। ট্রাইব্যুনালের চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে এই বিল উত্থাপন করা হয়েছে বলে এর উদ্দেশ্য ও কারণে উল্লেখ করা হয়েছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আজ মঙ্গলবার ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২’ জাতীয় সংসদে উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি গত ৩ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অনুমোদন পায়। প্রস্তাবিত এই আইনে রায় ঘোষণার দিনই রায়ের প্রত্যায়িত (সার্টিফায়েড) অনুলিপি উভয় পক্ষকে দেওয়ার বিধান রাখা হয়েছে। কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষকে আপিল করতে হবে। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বিলটি আইনে পরিণত হলে যুদ্ধাপরাধসহ মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে।নবায়নযোগ্য জ্বালানি বিল: প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১২’ সংসদে উত্থাপন করেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদের বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে একজন চেয়ারম্যান ও অনধিক ১৬ জন সদস্যের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিধান রাখা হয়েছে। সদস্যদের মধ্যে পাঁচজনকে সার্বক্ষণিক এবং বাকিদের অবৈতনিক সদস্য করার প্রস্তাব রাখা হয়েছে। চেয়ারম্যান ও সার্বক্ষণিক সদস্যদের সরকার নিয়োগ দেবে। অবৈতনিক সদস্যদের মধ্যে ছয়জন মন্ত্রণালয় বা বিভাগের প্রতিনিধি এবং পাঁচজন শিক্ষাবিদ, পেশাজীবী, কারিগরি বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি বা বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে সরকার কর্তৃক মনোনীত হবেন। প্রস্তাবিত আইনে কর্তৃপক্ষকে তার কাজ করার জন্য যে কোনা ব্যক্তি বা সংস্থার সঙ্গে চুক্তি করার স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করতে হলে সরকারের অনুমোদন নিতে হবে। এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে জ্বালানি নিরীক্ষণ সেল বিলোপ হবে বলেও বিলে উল্লেখ করা হয়েছে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, পরিবেশ বিপর্যয়কারী প্রচলিত জ্বালানির ক্ষতিকর প্রভাব হ্রাস করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও প্রসার বিশ্বব্যাপী গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উন্নয়ন, প্রসার, জ্বালানি সংরক্ষণ ও এর দক্ষ ব্যবহারের লক্ষ্যে একক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের জন্য একটি কর্তৃপক্ষ সৃষ্টি করা জরুরি।সমবায় সমিতির নামে ব্যাংকিং হবে না: সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বন্ধ এবং শাখা অফিস খোলার বিধান বাদ দিয়ে ২০০১ সালের সমবায় সমিতি আইন সংশোধনে বিল সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো সমবায় সমিতির নামের সঙ্গে ‘ব্যাংক’ শব্দ ব্যবহার করা যাবে না। আজ জাতীয় সংসদে ‘সমবায় সমিতি (সংশোধন ) বিল-২০১২’ উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনের ১৯ দফায় বলা হয়েছে, বাংলাদেশ সমবায় ব্যাংক ছাড়া কোনো সমবায় সমিতি তার সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান করতে পারবে না।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের রূপকল্প ২০২১-কে সামনে রেখে সমবায় প্রতিষ্ঠানগুলো যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগী ভূমিকা পালন করতে পারে, সে জন্য এই বিলটি আনা হয়েছে। বিল পাস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খরচ চালাতে ক্রমান্বয়ে নিজস্ব আয় বাড়ানোর শর্ত বাতিল করে জাতীয় সংসদে পৃথক তিনটি বিল পাস হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উত্স থেকে আয় করতে হবে বলে বিলে উল্লেখ করা রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিল তিনটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ হয়।