আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধের দাবি বিএনপির
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, এই ট্রাইব্যুনালের আইনি কাঠামো ও বিচার কার্যক্রমের ওপর বিএনপির কোনো আস্থা নেই।মওদুদ অভিযোগ করেন, ‘বিএনপি বিশ্বাস করে, বিদ্যমান আইনি কাঠামোতে ট্রাইব্যুনাল একটি আজ্ঞাবাহী রাবার স্ট্যাম্প সংগঠন ছাড়া আর কিছুই নয়। এই ট্রাইব্যুনাল প্রহসনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে করা হয়েছে। তাই এর বেআইনি ও অসাংবিধানিক কার্যক্রমকে বৈধতা দেওয়ার অর্থ হয় না।’মওদুদ আহমদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ট্রাইব্যুনালের বিচারবহির্ভূত পন্থায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আপত্তি জানান। আন্তর্জাতিক রীতিনীতি মানতে সরকারকে চাপ প্রয়োগ করুন।’ মওদুদ বলেন, ‘খালেদা জিয়া বহুবার বলেছেন, আমরাও সত্যিকারের যুদ্ধাপরাধীদের বিচার চাই। সে বিচার হতে হবে দেশের প্রচলিত আইনে, যেন জনমনে কোনো সন্দেহের অবকাশ না থাকে। কিন্তু সরকার বিচার শুরুর আগেই অভিযুক্তদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।’ মওদুদ আহমদ অভিযোগ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে এক বছর যাবৎ কোনো অভিযোগ গঠন ছাড়াই আটক রাখা হয়েছে। এই ট্রাইব্যুনালে তাঁকে হাজির না করেই গত সাত মাসে অনেকগুলো শুনানি করা হয়েছে। তিনি বলেন, সাকা চৌধুরীকে প্রাপ্য মৌলিক অধিকার না দিয়ে একতরফাভাবে মৃত্যুদণ্ড দেওয়া হলে, তা হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর নিঃশর্ত মুক্তি ও ন্যায়সংগত মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।