আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলের প্রতিবেদন উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধনের জন্য উত্থাপিত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০১৩ যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া প্রতিবেদনটি উপস্থাপন করেন। এর আগে গতকাল বুধবার আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি সংসদে উত্থাপন করলে তা যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি সেই রাতেই বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন চূড়ান্ত করে। কমিটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ বাতিল করে সরকার, বাদী ও দণ্ডিত ব্যক্তির আপিলের সুযোগ রেখে প্রতিবেদন চূড়ান্ত করেছে। এর আগে মন্ত্রণালয় যে বিল উত্থাপন করে, তাতে দণ্ডের বিরুদ্ধে যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখা হয়েছিল। কমিটির সুপারিশে আইনটি ২০০৯ সালের ১৪ জুলাই থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। বিলটি আগামী রোববার পাস হওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাআজ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নতুন প্রজন্মের এই আন্দোলন দেখে মনে হয়, আবারও একাত্তর জেগে উঠেছে। দেশের তরুণ প্রজন্মের এই আন্দোলনের শক্তি এতই প্রবল ও দৃঢ়ভাবে গড়ে উঠেছে যে, কোনো শক্তিই তা প্রতিহত করতে পারবে না। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। নতুন প্রজন্মের এ আন্দোলন সফল হবে, যার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিরাপদ হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় আরও অংশ নেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, সাংসদ এইচ এম আশিকুর রহমান, শেখ আবদুল ওহাব, এস কে আবু বাকের প্রমুখ। সবশেষে সংসদ অধিবেশন আগামী রোববার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়। মোমবাতি প্রজ্বালনশাহবাগের গণজাগরণ মঞ্চর আহ্বানে আজ সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মোমবাতি জ্বালিয়ে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন সাংসদ ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারীরা। এ সময় সংসদের অধিবেশন মুলতবি রাখা হয়। মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শওকত আলী, সাংসদ তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।