আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংবিধান সম্মত নয়: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংবিধান সম্মত নয়। এর কোনো আন্তর্জাতিক মান নেই। ট্রাইব্যুনালের বিচারক আছেন। কিন্তু তাঁদের কোনো দক্ষতা ও অভিজ্ঞতা নেই। আজ শুক্রবার রাজধানীর মতিঝিলে একটি হোটেলে নাগরিক ফোরামের সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও যুদ্ধাপরাধ’ নিয়ে আলোচনা হয়। মওদুদ আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে নতুন করে আইন করতে হবে। এটিকে সংবিধান সম্মত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, আইনানুগ বিচার করতে হবে। রাজনৈতিক বিবেচনায় বিচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না।সেমিনারে বিএনপির নেতা জমিরউদ্দিন সরকার বলেন, সংবিধানের অনুচ্ছেদ ১১৬ অনুযায়ী নিম্ন আদালতের কর্তৃত্ব সরকারের কাছে রয়েছে। নিম্ন আদালতকে সরকারের কাছে রেখে বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবদুর রাজ্জাক, জয়নাল আবদিন প্রমুখ।