আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের সংশোধনী অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে রাষ্ট্র ও আসামিপক্ষের সমান সুযোগ সৃষ্টির জন্যই এ সংশোধনী আনা হচ্ছে। একই সঙ্গে আপিল নিষ্পত্তির জন্য ৬০ দিনের সময়সীমাও নির্ধারণের প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংশোধিত আইনটি বিল আকারে উত্থাপন করা হবে। সংসদের এই অধিবেশনেই এটি পাস করা হবে বলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন।গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির প্রস্তাবিত সংশোধনী অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়। খুন, ধর্ষণ ও নির্বিচারে হত্যার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। এ রায় ঘোষণার পরপরই তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাঁরা রায় প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসেন। কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সাত দিন ধরে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে তারুণ্যের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। রায়ের পরপরই রাষ্ট্রপক্ষ আপিল করার ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে জানা যায়, বর্তমান আইনে শুধু যে অভিযোগ থেকে কাদের মোল্লা খালাস পেয়েছেন, একমাত্র তার বিরুদ্ধেই আপিল করতে পারবে সরকার।প্রস্তাবিত সংশোধনীতে দেখা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন, ১৯৭৩-এর ২১(২) এবং (৩) ধারার সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। ২১(২) ধারার সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, সরকার অথবা কোনো সংক্ষুব্ধ ব্যক্তির বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালাস অথবা শাস্তির বিরুদ্ধে আপিল করার অধিকার থাকবে। বিদ্যমান আইনে সরকারপক্ষের কেবল খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার আছে।সংশোধনীতে ২১(৪) ও (৫) ধারা সংযোজন করা হচ্ছে। ২১(৪) ধারায় বলা হয়েছে, আপিল আবেদন করার ৪৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। বাড়তি সময়ের প্রয়োজন হলে আদালত আরও ১৫ দিন সময় নিতে পারবেন। অর্থাৎ আপিল নিষ্পত্তির জন্য মোট ৬০ দিন সময় পাওয়া যাবে। মন্ত্রিসভার বৈঠক সূত্র জানায়, জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার মামলায় এখনো আপিল না হওয়ায় মামলাটি চলমান বলে গণ্য হবে। ফলে তার জন্য আইনের রেট্রোসপেকটিভ ইফেক্টের (ভূতাপেক্ষ কার্যকারিতা) প্রয়োজন নেই। মন্ত্রিপরিষদ সচিবও জানিয়েছেন, আইনটি পাস হলে কাদের মোল্লার মামলার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। জানতে চাইলে সংশোধনী প্রস্তাবকে ‘সঠিক ও ভালো’ বলে মন্তব্য করে আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেছেন, যেহেতু আপিল এখনো হয়নি, তাই আইনটির রেট্রোসপেকটিভ ইফেক্টের প্রয়োজন নেই। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, যেকোনো সময় আইনে পরিবর্তন আনা যায়। তবে এখন যা হচ্ছে, তা অস্বাভাবিক। আইনের পরিবর্তন যদি কাউকে বিপদে ফেলে, আবার কাউকে সুবিধা দেয়, তাহলে সে পরিবর্তন কাম্য নয়। আইনের ২১(২) ধারার সংশোধন করে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রাখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী শাহদীন মালিক। তিনি প্রথম আলোকে বলেন, সংশোধনীতে যেহেতু সংক্ষুব্ধ ব্যক্তির ব্যাখ্যা নেই, তাই এই বিধানের অপব্যবহার করার জন্য বহু লোকের একটা সুযোগ তৈরি হচ্ছে কি না, তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। আইনের উদ্দেশ্যসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, আসামিপক্ষের জন্য যে সুযোগ আইনে আছে, অনুরূপ সুযোগ রাষ্ট্রপক্ষের থাকা আইনসংগত ও সমীচীন। সবার জন্য আইনের সমান আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করতে এ সংশোধনীর প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন, ১৯৭৩ সংবিধানের ৪৭ ও ৪৭ ক অনুচ্ছেদ দ্বারা সুরক্ষাপ্রাপ্ত বলে এ আইনে সংশোধনী আনতে অসুবিধা নেই। বর্তমান সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর দুই দফা সংশোধনী আনা হয়। ২০০৯ সালের ৯ জুলাই আনা সংশোধনীতে কেবল খালাসের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ সংযোজন করা হয়। মূল আইনে শুধু আসামিপক্ষের আপিলের বিধান ছিল।২০১২ সালের ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফা সংশোধনীতে আপিলের সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়। আসামির অনুপস্থিতিতে বিচারের বিধানও সংযুক্ত করা হয়। এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের ব্যবস্থা করা হয়। এ ছাড়া যেদিন রায় হবে, সেদিনই রায়ের সত্যায়িত কপি উভয় পক্ষকে বিনা মূল্যে দেওয়ার বিধান করা হয়।