আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজামীর ২ আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর পক্ষে করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন। প্রথম আবেদনে তদন্তকারী কর্মকর্তা এম সানাউল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ আনা হয়েছিল। আর দ্বিতীয়টিতে সেফ হোমে জিজ্ঞাসাবাদে নিজামী স্বীকারোক্তি দিয়েছেন বলে সানাউলের বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণ না করার আবেদন করা হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে তাঁর আইনজীবী তাজুল ইসলাম আবেদনগুলো করেন।প্রথম আবেদনে বলা হয়, গত ৫ মে সেফ হোমে নিজামীকে জিজ্ঞাসাবাদের পর এম সানাউল হক গণমাধ্যমের সামনে যে বক্তব্য দিয়েছেন তা ট্রাইব্যুনালের আইন ও বিধি লঙ্ঘন করে। এ ছাড়া ১৯৭১ সালে আল-বদর ও রাজাকার বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে নিজামী স্বীকারোক্তি দিয়েছেন বলে সানাউল হক যে বক্তব্য দেন তা প্রিজুডিশিয়াল (বিচারপূর্ব মন্তব্য)।প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, সানাউল হক গণমাধ্যমের সামনে যে বক্তব্য দিয়েছেন, তা ট্রাইব্যুনালের বিধি অনুযায়ী সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। এ ছাড়া ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারা এবং বিধি ৪৫ অনুসারে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ যৌক্তিক নয়। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেনে। দ্বিতীয় আবেদনে ৫ মে নিজামী সেফ হোমে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন বলে সানাউল হকের দেওয়া বক্তব্য সাক্ষ্য হিসেব গ্রহণ না করতে বলা হয়। ট্রাইব্যুনাল এ প্রসঙ্গে বলেন, ট্রাইব্যুনালের বিধিতে কোনগুলো সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে, সে বিষয়ে স্পষ্ট করে বলা আছে।এ ছাড়া ট্রাইব্যুনাল তাঁর পর্যবেক্ষণে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়কেই গণমাধ্যমের সামনে সংযত হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বেলা পৌনে ১১টায় আবেদন দুটির ওপর শুনানি শুরু হয়ে বেলা একটায় শেষ হয়। ৫ মে সেফ হোমে নিয়ে নিজামীকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা এম সানাউল হক সাংবাদিকদের বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় নিজামী প্রাণের ভয়ে আল-বদর, আল-শামস ও রাজাকার বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। পরে নিজামীর আইনজীবী তাজুল ইসলাম এ বক্তব্য প্রত্যাখ্যান করে সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের সময় নিজামী এ ধরনের কোনো স্বীকারোক্তি দেননি। তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের বিষয়টি সাংবাদিকদের জানানোর মাধ্যমে ট্রাইব্যুনালের আইন ও বিধি লঙ্ঘন করেছেন বলেও তাজুল ইসলাম অভিযোগ করেন। বিধি লঙ্ঘনের অভিযোগ এনে নিজামীর পক্ষে তিনি ১৫ মে ট্রাইব্যুনালে আবেদন করেন। জিজ্ঞাসাবাদে নিজামীর স্বীকারোক্তিমূলক বক্তব্য দেওয়ার ব্যাপারে তদন্ত কর্মকর্তার দাবি প্রত্যাখ্যান করে সেগুলো জিজ্ঞাসাবাদের বিবরণী থেকে বাদ দিতে ৮ মে তাজুল ইসলাম অপর আবেদনটি করেন।