মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিক অভিযোগের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ বুধবার দুপুর ১২টার দিকে এ আদেশ দেন। প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে ১৬ ফেব্রুয়ারি প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ওই দিন সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়ে তাঁর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ সকাল সাড়ে নয়টার দিকে সাঈদীকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। প্রায় এক ঘণ্টা হাজতখানায় অবস্থানের পর সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির শুরুতে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম জামিনের আবেদন জানান। অন্যদিকে, প্রসিকিউটর হায়দার আলী জামিন আবেদনের বিরোধিতা করে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। সে সঙ্গে তদন্তের অগ্রগতি ও জামিন আবেদন নামঞ্জুরের পক্ষে বক্তব্য দেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বেলা ১১টা ৪০ মিনিটে আদেশ দেন। এ সময় সাঈদী এজলাসের কাঠগড়ায় রাখা চেয়ারে বসে ছিলেন। ১১টা ৫৫ মিনিটে তাঁকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে ২৩ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার আইনজীবীরা (প্রসিকিউটর)। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলামের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। ২ নভেম্বর এক আদেশে ট্রাইব্যুনাল ২৩ ডিসেম্বরের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে সাঈদীকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার আদেশ দেওয়া হয়।সাঈদীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, একাত্তরে স্বাধীনতা যুদ্ধকালে অপরাধ সংঘটনকারী দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলু পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে দেখা করে পাকিস্তান রক্ষা করার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার অঙ্গীকার করেন। ক্যাপ্টেন এজাজের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি করার পর তিনি স্থানীয় জামায়াত ইসলামীসহ অন্যান্য স্বাধীনতাবিরোধী সংগঠনগুলোকে নিয়ে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী গঠন করে নিজেদের পাকিস্তানি বাহিনীর সহায়ক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করে। তাঁরা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে পিরোজপুরসহ আশপাশের এলাকায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিকদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্ষণের উদ্দেশ্যে নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে জোরপূর্বক তুলে দিয়ে অপরাধ সংঘটন করে।অভিযোগে আরও বলা হয়, দেলু ও তাঁর সহযোগীরা ১৯৭১ সালের ৮ মে আনুমানিক বেলা তিনটায় পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থনকারী, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের আলমগীর পশারী, মাহবুব পশারী, চানমিয়া পশারী ও জাহাঙ্গীর পশারীদের (সাং-চিতলিয়া, থানা ও জেলা-পিরোজপুর) বাড়ি ঘেরাও করে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বাড়িঘরে অনুপ্রবেশ করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে। তারা বাড়িঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে ১৭ আগস্ট প্রথম পিরোজপুর যায় তদন্ত দল। এ নিয়ে তিনবার ওখানে তদন্ত করে প্রতিনিধিদল। আর ৪২ জন সাক্ষীর বক্তব্য নিয়েছে প্রতিনিধিদল।