বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়নি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন অ্যামনেস্টির
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টানরন্যাশনাল। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধিতে সংশোধনী আনা হয়েছে। এই ট্রাইব্যুনালের রায় অন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলে বিধি রয়েছে। ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনার ফলে ১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের অন্যায্য বিচারের সম্ভাবনা কমলেও সম্পূর্ণ দূর হয়নি। লন্ডনভিত্তিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ২০১২ সালের মানবাধিকার-বিষয়ক বার্ষিক প্রতিবেদন গত বুধবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারের অঙ্গীকার সত্ত্বেও তা অব্যাহত আছে। গত বছর ৫৪টির বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে অভিযোগ থাকলেও এসব ঘটনার স্বাধীন তদন্ত বা বিচার, কোনোটিই করেনি সরকার।প্রতিবেদনে বলা হয়, সহিংসতার শিকার নারীদের সহায়তা দেওয়ার নতুন নীতি বাস্তবায়নেও সরকার ব্যর্থ। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকার আদিবাসীদের জীবিকা ও ভূমির অধিকার নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধি সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিতে জামিন পাওয়া, দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত নির্দোষ দাবি এবং সাক্ষী ও নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এই ট্রাইব্যুনালের রায় অন্য আদালতে চ্যালেঞ্জ করা যাবে না উল্লেখ করে যে বিধি ছিল, তা এখনো কার্যকর।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফয়েজ গত রাতে বিবিসি বাংলা বেতারকে বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় যাঁরা ক্ষতির শিকার হয়েছিলেন, তাঁদের যেমন বিচার পাওয়ার অধিকার রয়েছে; তেমনি যাঁদের বিচার চলছে, তাঁরা যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, তাঁরা যাতে নির্যাতনের শিকার না হন, সেটিও আমরা নিশ্চিত করতে চাই।’বিচারের প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতার পরামর্শ দিয়ে আব্বাস ফয়েজ আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলে যে বিধি রয়েছে, মানবাধিকার সুরক্ষায় তা একটি বড় সমস্যা। এমন কিছু বিষয় এখানে রয়েছে, যা আসলে ঠিক আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে খাপ খায় না। এই বিষয়গুলো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এসব ক্ষেত্রে আমরা সন্তুষ্ট নই।’বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১১ সালে র্যাবের হাতে কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এ ধরনের সাত শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া র্যাবের হাতে অনেকেই আহত ও নির্যাতিত হয়েছে। অনেক ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা অ্যামনেস্টিকে জানিয়েছেন, র্যাব গ্রেপ্তার করার পর তাঁদের স্বজন মারা গেছে। তারা ক্রসফায়ারে মারা যায়নি। কর্তৃপক্ষ এসব ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত করতে ব্যর্থ হয়েছে। এ ধরনের বিচারবহির্ভূত কর্মকাণ্ডের উদাহরণ হিসেবে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমনের ঘটনা উল্লেখ করেছে অ্যামনেস্টি।নারীর প্রতি সহিংসতা: গত মার্চে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রকাশের পর অন্যান্য বিষয়ের সঙ্গে নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতন রোধে নারী ও শিশুদের চিকিৎসা, আইনি সহায়তা ও পরামর্শসেবার ঘোষণা দিয়েছিল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এই নীতি বাস্তবায়নে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে এবং যৌন ও অন্যান্য সহিংসতার শিকার নারী ও শিশুরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কোনো সহযোগিতা পায়নি।অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, গণধর্ষণের শিকার এক নারীকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়ায় সাতক্ষীরায় গত অক্টোবরে মানবাধিকারকর্মী শম্পা গোস্বামীকে অপহরণ করে দুর্বৃত্তরা। ওই ধর্ষিতাকে এ ধরনের সহযোগিতা বন্ধ না করলে শম্পার ক্ষতি করার হুমকি দেয় অপহরণকারীরা। শম্পা গত নভেম্বরে অ্যামনেস্টির প্রতিনিধিদের বলেন, তিনি নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করলেও পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুত্ব দেয়নি।আদিবাসীদের অধিকার: আদিবাসীদের জীবিকা ও ভূমি অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে অ্যামনেস্টি। বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে বাঙালি বসতি স্থাপনকারীদের দ্বারা সেখানকার আদিবাসীদের ভূমি বাজেয়াপ্ত করা হলেও তা ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে।অন্যান্য নির্যাতন: অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়ে কমপক্ষে তিনজন মারা গেছে। এ ঘটনার পর সরকার দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেয়। তবে গত বছরের শেষ নাগাদ কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। পুলিশ, র্যাব বা অন্যান্য নিরাপত্তা বাহিনী হাজার হাজার ব্যক্তিকে তাদের হেফাজতে নির্যাতন করছে বলে অভিযোগ থাকলেও সরকার তাদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেনি। প্রতিবেদনটি সরাসরি দেখতে ক্লিক করুন