আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাহায্যে সহায়ক মঞ্চ গঠিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটির নাম রাখা হয়েছে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-ঢাকা সহায়ক মঞ্চ’। দেশ-বিদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, বিচারক, ইতিহাসবিদ, মানবাধিকার কর্মীরা এই মঞ্চে আছেন। আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নির্মূল কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে ২০১০-১১ সালের জন্য ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়। আগামী এক বছর নির্মূল কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করবেন লেখক-সংবাদিক শাহরিয়ার কবির। কমিটির উপদেষ্টা সভাপতি করা হয়েছে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে। উপদেষ্টা কমিটিতে আরও আছেন বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, আইন বিশারদেরা।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতার পাশাপাশি বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত সংগঠনে অবদান রাখবেন। এই মঞ্চে যাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী, এ কে বদরুল হক, এবাদুল হক, আওলাদ আলী, রাবেয়া ভূঁইয়া, অধ্যাপক মুনতাসীর মামুন, কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন, যুক্তরাষ্ট্রের আইনজীবী টমাস কিটিং ও এ বি এম নাসির, যুক্তরাজ্যের আইনজীবী নোরা শরিফ ও ক্রিস ব্ল্যাকবার্ন, ফ্রান্সের মানিক সেলিম, নেদারল্যান্ডসের পিটার কাস্টার্স, রাশিয়ার ইতিহাসবিদ ম্যাক্সিম দুবায়েভ, মিশরের আইনজীবী ইব্রাহীম এসামলালি, আলজেরিয়ার আইনজীবী মুহম্মদ বেনতিম, ভারতের আইনজীবী জীতেন্দ্র শর্মা, অধ্যাপক জয়ন্ত কুমার রায়, পাকিস্তানের আইনজীবী জাফর মালিক, মানবাধিকার কর্মী আহমদ সালিম, নেপাল পার্লামেন্টের সাবেক স্পিকার দামান ধুঙ্গানা প্রমুখ।জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী নির্মূল কমিটির কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন। নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চ গঠনের কথা জানান।শাহরিয়ার কবির বলেন, ২০১০ সালের ২৫ মার্চ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। তবে তিন মাস পার হলেও ট্রাইব্যুনালের কাজের কোনো সন্তোষজনক অগ্রগতি হয়নি। ট্রাইব্যুনালে পর্যাপ্তসংখ্যক প্রসিকিউটির ও তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। ফলে তদন্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে।