আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শুভেচ্ছা দূত হলেন মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) শুভেচ্ছা দূত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার সকালে এ ব্যাপারে মমতাজের সঙ্গে আইওএমের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি আগামী দুই বছর এ সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচার চালাবেন। মমতাজের সঙ্গে আইওএমের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সংস্থাটির দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুর নাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক দীনা হক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৯ সালে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আর বিদেশে স্থায়ীভাবে ৬৫ লাখ বাংলাদেশি বাস করে। তাই নিরাপদ অভিবাসন জরুরি। আয়োজক সংস্থার পক্ষ থেকে মমতাজকে শুভেচ্ছা দূত করার যুক্তি হিসেবে বলা হয়, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। গান গাইতে বিশ্বের বিভিন্ন দেশে যান। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিরাপদ অভিবাসনের প্রচার তাঁর পক্ষে সহজ হবে।