আন্তর্জাতিক অলিম্পিয়াড জয়ের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে বদলে দেওয়ার প্রত্যয় জানাল খুদে গণিতবিদেরা। আগামী জুলাই মাসে কলম্বিয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সোনা জয়ের আশাবাদও ব্যক্ত করেছে তারা। গতকাল শনিবার ছিল একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উৎসব ২০১৩-এর সমাপনী দিন। সেখানেই বড়দের প্রেরণায় ওই সাফল্যের স্বপ্নের কথা ঘোষণা করেছে গণিতের ভয়কে জয় করা শিক্ষার্থীর দল।এবারের প্রতিযোগিতায় আঞ্চলিক পর্বে প্রায় ২২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে বাছাই করা সেরা ৯৪৬ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় উৎসব। এ উৎসব থেকে গতকাল বাছাই করা হলো ৮১ জনকে। তাদের মধ্যে সেরা কয়েকজন অংশ নেবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে। রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলমাঠে গতকাল সকাল সোয়া নয়টায় শুরু হয় সমাপনী দিনের অনুষ্ঠান। শুরুর দিকে ছিল প্রথম আলো বন্ধুসভার শিল্পীদের পরিবেশনায় ভাষা ও মুক্তিযুদ্ধের গান, গণিত নিয়ে খুলনার উন্নয়ন সংগঠন রূপান্তর-এর পটগান ও রাজশাহী বন্ধুসভার পরিবেশনায় গণিত বিষয়ে গম্ভীরা গান। খুদে গণিতবিদদের উৎসাহ জোগাতে নিজের স্বপ্নের কথা শোনান গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘স্বপ্ন ছিল ২০১০ সালের মধ্যে আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদক জেতা। সেটা আগেই জেতা হয়েছে। আরেকটি স্বপ্ন হলো, ২০২২ সালের মধ্যে গণিতের নোবেল নামে খ্যাত ফিল্ডস মেডেল জেতা। আমার আশা, তোমাদের মধ্যে কেউ একজন সেই পদক পাবে। আরও আশা, এবার বাংলাদেশের পক্ষ থেকে কেউ একজন স্বর্ণপদক জয় করবে।’শিক্ষার্থীদের উদ্দেশে গণিত অলিম্পিয়াডের সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে। এ কথা এখন সারা বিশ্ব বলছে। আর এগিয়ে নেওয়ার কাজটি করবে তোমরা।’ ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান বলেন, ‘অঙ্ক ছাড়া বিজ্ঞান কখনো এগোতে পারে না। তাই বিজ্ঞানকে এগিয়ে নিতে হলে অঙ্কের পেছনে লেগে থাকতে হবে।’শিক্ষার্থীদের উল্লাসধ্বনির মধ্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘গতবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমরা ব্রোঞ্জ পেয়েছি। এবার স্বর্ণ জয়ের জন্য যাব।’প্রথম আলোর সহযোগী সম্পাদক লেখক আনিসুল হক বলেন, ‘বড় গণিতবিদ হতে হলে মনোযোগ দিয়ে গণিতচর্চা করতে হবে। বড় হওয়ার জন্য যা-ই করো না কেন, সেটা মনোযোগসহকারে করতে হবে।’ অনুষ্ঠানের একপর্যায়ে হঠাৎ করে জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক—আকরাম খান ও হাবিবুল বাশারকে নিয়ে মঞ্চে উপস্থিত হন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। দুই তারকাকে কাছে পেয়ে অটোগ্রাফশিকারিরা হুড়মুড়িয়ে পড়ে। দুই ক্রিকেটার তাঁদের ছোটবেলার অঙ্ক করার গল্প শোনান। ক্রিকেটে গণিতের প্রয়োজনীয়তার কথাও বলেন তাঁরা। জয়ের জন্য হিসাব-নিকাশের প্রয়োজনীয়তা তুলে ধরে আকরাম খান বলেন, ‘১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে নেদারল্যান্ডস শুরুতে ব্যাট করে করেছিল ১৭১ রান। সে খেলায় হেরে গেলে আমাদের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যেত। আমাদের ১৫ রানে চার উইকেট পড়ে গিয়েছিল। তার ওপর বৃষ্টির কারণে ওভার কমে যায়। তখন আমাদের অনেক অঙ্ক কষে প্রচণ্ড চাপের মধ্যে খেলতে হয়েছিল। সেদিন অঙ্কে ভুল হয়নি বলেই বাংলাদেশ ম্যাচ জিতেছিল।’ হাবিবুল বাশার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নিজেকে কখনো ছোট মনে করবে না। বড় মনে করবে। এই আত্মবিশ্বাস তোমাদের অনেক দূর নিয়ে যাবে।’বন্ধুসভার শিল্পীদের গাওয়া ‘আমরা করব জয়’ গানের পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রাইমারি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আহমেদ ইত্তিহাদ, জুনিয়র ক্যাটাগরিতে বরিশাল জিলা স্কুলের এস এম নাইমুল ইসলাম, সেকেন্ডারি ক্যাটাগরিতে সিরাজগঞ্জ বিএল গভর্নমেন্ট হাইস্কুলের সাজিদ আকতার ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হয়েছে ঢাকা কলেজের সৌরভ দাস। অনুভূতি প্রকাশ করে সৌরভ দাস বলে, ‘অনেক যাত্রার পর এবার আমার প্রথম হওয়ার শেষ সুযোগ ছিল। সুযোগ কাজে লাগিয়েছি। তাই আনন্দে ভাসছি।’ মেয়েদের মধ্যে সেরা হয়ে তাজিম এইচ মজুমদার পুরস্কার-২০১৩ পেয়েছে চট্টগ্রাম গ্রামার স্কুলের বৃষ্টি শিকদার। সে প্রথম আলোকে বলে, ‘অনেক দিন থেকে ইচ্ছা ছিল, একদিন সেরা হব। সেই প্রত্যাশা পূরণ হয়েছে।’ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আগের বছরের ব্যক্তিগত স্কোরের রেকর্ড ভেঙে মীর আবুল হোসেন পুরস্কার পেয়েছে ধনঞ্জয় বিশ্বাস। জ্যামিতির একটি প্রশ্নের চমকপ্রদ সমাধান দিয়ে সেরা নান্দনিক পুরস্কার পেয়েছে সিলেট গভর্নমেন্ট পাইলট হাইস্কুলের আসিফ-ই-এলাহি। সেরা গণিত ক্লাবের পুরস্কার পায় ময়মনসিংহ প্যারালাল ম্যাথ স্কুল। নতুন প্রজাতি চিহ্নিত করার জন্য তরুণ প্রাণী গবেষক মোহাম্মদ সাজিদ আলী হাওলাদারকে দেওয়া হয় সম্মাননা স্মারক। এ ছাড়া সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনসকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ১৭টি আঞ্চলিক আয়োজককে দেওয়া হয় ব্যবস্থাপনা স্মারক। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল তৃতীয় বাংলাদেশ রুবিক্স কিউব প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র সাদমান ইবনে সাইফুল। এলোমেলো রুবিক্স মেলাতে সে এবার বাছাইপর্বে সময় নিয়েছে ২৪ সেকেন্ড। দ্বিতীয় হয়েছে বগুড়া বিয়াম মডেল স্কুলের রাশেদ আবিদ এবং তৃতীয় হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুলের হাসান জহিরুল ইসলাম। খুদে গণিতবিদদের উৎসাহ জোগাতে মঞ্চে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিজ্ঞানী রেজাউর রহমান, জ্যোতির্বিজ্ঞানী এ আর খান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, পদার্থবিজ্ঞানের অধ্যাপক ইয়াসমিন হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, গণিত বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাবেদ মোর্শেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাম্মাদ আলী, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার প্রমুখ।