আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আইনের শাসনের ভিত্তিতে নিরাপদ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি শ্রদ্ধা দেখানো এবং এসব আইনের নিরপেক্ষ ও যথাযথ প্রয়োগে সমর্থন দিতে শক্তিধর দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।নিউইয়র্কে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনের ওপর এক আলোচনায় এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতার নীতি নিশ্চিত করতে প্রধান প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলোতে উন্নয়নশীল দেশের অধিকতর সক্রিয়তা ও প্রতিনিধিত্বের ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে, আইনের শাসনের ভিত্তিতে নিরাপদ এক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতাকাঠামো ও পরিধি, আন্তর্জাতিক আইনের সমপ্রয়োগ ও বাস্তবায়ন এখনো অধরা রয়ে গেছে।’ প্রধানমন্ত্রী বলেন, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য আইনের নিরপেক্ষ ও সমপ্রয়োগ, জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক বিচার আদালত এবং অন্যান্য বৈশ্বিক আইনের প্রতি মানবজাতির আস্থা ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। আইনের শাসনের সুষ্ঠু বাস্তবায়নে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা গড়ে তুলতে বহুপক্ষীয় সংস্থাগুলোর এগিয়ে আসা প্রয়োজন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি ও ন্যায়বিচারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ সার্বভৌমত্ব, অখণ্ডতা ও অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী। বাংলাদেশকে বিশ্বের অষ্টম বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর দেশ দায়িত্বশীল ও শান্তিকামী এবং তাঁর সরকার গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ধর্মনিরপেক্ষতার শক্তিশালী প্রবক্তা।বাংলাদেশ আইনের শাসন ও ন্যায়বিচারের ভিত্তিতে ধর্মনিরপেক্ষতা ও প্রগতিশীলতার বিকাশে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন হচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের একটি পূর্বশর্ত। শেখ হাসিনা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন জোরদার করার জন্য বাংলাদেশ সরকার তথ্য কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, আইন কমিশন ও এনার্জি রেগুলেটরি কমিশনকে শক্তিশালী করেছে। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জনগণের জন্য নিরপেক্ষ ও ন্যায়বিচারের ব্যবস্থা করতে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে আলাদা করেছে। এ ছাড়া তাঁর সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে। তিনি বলেন, আইনের শাসন ও ন্যায়বিচারের ভিত্তিতে তাঁর সরকার ধর্মীয় চরমপন্থী, সন্ত্রাসী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার সম্পন্ন করেছে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার চলছে। বাসস।