আন্তর্জাতিক গণমাধ্যমে গোলাম আযমের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বাধীনতার ৪০ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, বিবিসি, ভয়েস অব আমেরিকা, সিবিএস নিউজ, পাকিস্তানের দ্য ডন, পাকিস্তান অবজারভার, এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান, আরব নিউজ, গালফ নিউজ, টাইমস অব ইন্ডিয়া, এমএসএন ইন্ডিয়া, অল ইন্ডিয়া রেডিও, তুরস্কের ওয়ার্ল্ড বুলেটিন, শ্রীলঙ্কার সান ডে টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবরটি প্রচারিত হয়েছে। কোনো কোনো সংবাদমাধ্যম গোলাম আযমকে কারাগারে পাঠানোর ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। পাকিস্তান দ্য ডন তাদের প্রতিবেদনে গোলাম আযমকে জামায়াতের সাবেক প্রধান হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। খবরে বলা হয়েছে, জামায়াতের এই সাবেক নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। দ্য ডন লিখেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামায়াতে ইসলামী বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিল। এই খবরে ডন তাদের শিরোনাম করেছে, ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক প্রধান কারাগারে’।মূল খবরকে শিরোনাম না করে পাকিস্তান অবজারভার শিরোনাম করেছে, ‘ঢাকায় ১৭ জামায়াত কর্মী আটক’। প্রতিবেদনের বিবরণে বলা হয়েছে, গোলাম আযমকে কারাগারে প্রেরণের প্রতিবাদে মিছিল বের করায় এই ১৭ জামায়াত কর্মীকে পুলিশ আটক করে। এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের খবরে বলা হয়েছে, বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সময় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে এক ইসলামী নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক প্রধান। তাঁর বিরুদ্ধে পাকিস্তানপন্থী আধা সামরিক বাহিনী সৃষ্টি ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। যারা নয় মাসের যুদ্ধের সময় ব্যাপক হত্যাযজ্ঞ ও ধর্ষণ সংঘটিত করে।বিবিসিতে শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশের যুদ্ধাপরাধের হোতা গোলাম আযম গ্রেপ্তার’। একই ধরনের শিরোনাম করেছে টাইমস অব ইন্ডিয়া ও পাকিস্তান টুডে।তুরস্কের ওয়ার্ল্ড বুলেটিন তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে ইসলামী নেতাকে কারাগারে প্রেরণ’।ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস শিরোনাম করেছে, ‘বাংলাদেশি সন্দেহভাজন যুদ্ধাপরাধীর জামিন নাকচ, কারাগারে প্রেরণ’।আরব নিউজের শিরোনামে লেখা হয়েছে, ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের মামলায় ইসলামপন্থী কারাগারে’। গালফ নিউজ তাদের শিরোনামে লিখেছে, ‘১৯৭১ এর যুদ্ধাপরাধে অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল’।এ ছাড়া গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবর প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা, সিবিএস নিউজ, এমএসএন ইন্ডিয়া, অল ইন্ডিয়া রেডিও, শ্রীলঙ্কার সান ডে টাইমস। উল্লেখ্য, ১১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমকে কারা হেফাজতে নেওয়ার আদেশ দেওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে প্রথমে কারাগারে নেওয়া হয়, সেখান থেকে বিকেল তিনটা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরে রাত আটটার দিকে গোলাম আযমকে হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়।গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ৯ জানুয়ারি এই মামলার অভিযোগ আমলে নেওয়া হয় এবং গতকাল তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। সম্ভ্রমহারা হয়েছেন চার লাখ নারী আর জীবন বাঁচাতে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন প্রায় এক কোটি মানুষ। গোলাম আযমের বিরুদ্ধে মামলার সঙ্গে এসব মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে, যেসব অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ প্রণীত হয়েছে। গোটা জাতি মানবতাবিরোধী অপরাধের বিচার চায়। কে দোষী বা নির্দোষ, সেটা জানা যাবে বিচারের পর। কিন্তু ট্রাইব্যুনাল এখন গোলাম আযমকে জামিন দিতে আগ্রহী নন। তাঁকে হেফাজতে নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হোক।