আন্তর্জাতিক গণমাধ্যমে রেশমা
সাভারের রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনার ১৭তম দিনে গতকাল শুক্রবার ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ভবনটির ‘ভূগর্ভস্থ মসজিদে’ আটকে ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারের পরপরই তাঁকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি অক্ষত রয়েছেন বলে সূত্রে জানা গেছে। ভবনধসের ওই ঘটনায় এরই মধ্যে উদ্ধার করা হয়েছে সহস্রাধিক পোশাককর্মীর মরদেহ। দুর্ঘটনার এত দিন পর রেশমাকে জীবিত উদ্ধারের ঘটনা দেশীয় সংবাদমাধ্যম ছাড়িয়ে তাৎক্ষণিকভাবে বিবিসি, এএফপি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান-এর মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে স্থান করে নেয়। বিবিসি: ‘ঢাকায় ভবনধস: ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার’ শিরোনামে ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটি বলেছে, ঢাকায় ১৭ দিন আগে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে গতকাল এক নারীকে জীবিত অবস্থায় বের করে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের প্রধানের বরাত দিয়ে বিবিসি জানায়, ধসে পড়া আটতলা রানা প্লাজার তৃতীয় তলায় রেশমার সন্ধান পাওয়া যায়। তাঁর গুরুতর আহত হওয়ার কোনো লক্ষণ নেই। এএফপি: ‘ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বাংলাদেশিকে উদ্ধার’ শিরোনামে বার্তা সংস্থাটি বলেছে, ধসে পড়া পোশাক কারখানার ধ্বংসস্তূপ থেকে ১৬ দিনের বেশি পেরিয়ে যাওয়ার পর এক বাংলাদেশি নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের একটি গণমাধ্যমের সূত্র উল্লেখ করে এএফপি বলেছে, রেশমা এ কয়দিন ভবনের ভূগর্ভস্থ মসজিদে আটকে ছিলেন। সিএনএন: ‘আমি বেঁচে আছি, দয়া করে আমাকে উদ্ধার করুন—বাংলাদেশির আকুতি’ শিরোনামে খবর ছেপেছে এই মার্কিন সংবাদ চ্যানেল। সিএনএন জানায়, উদ্ধারকালে উপস্থিত জনতাকে তাঁর জন্য দোয়া করতে দেখা যায়।নিউইয়র্ক টাইমস: রেশমার ঘটনাকে ‘দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি নারী জীবিত উদ্ধার’—এ শিরোনাম দিয়েছে পত্রিকাটি। আল-জাজিরা: ‘বাংলাদেশে ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার’ শিরোনামে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলটি বলেছে, ঢাকার পোশাক কারখানার একটি কমপ্লেক্সের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা ১৭ দিন পর একজন নারীকে জীবিত বের করে এনেছেন। রেশমা নামের ওই নারীকে একটি স্তম্ভ ও পাটাতনের মাঝখানে পাওয়া যায়। দ্য গার্ডিয়ান: ‘ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর রেশমা বেগম উদ্ধার’ শিরোনামে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলেছে, বিধ্বস্ত রানা প্লাজায় আটকে পড়া রেশমা বেগম এ কয় দিন তাঁর কাছে থাকা বিস্কুট খেয়ে ও একটি নলের সাহায্যে নিঃশ্বাস নিয়ে বেঁচে ছিলেনটাইমস অব ইন্ডিয়া: ‘কারখানাধসের ১৭ দিন পর জীবিত ব্যক্তিকে উদ্ধার’ শিরোনামে ভারতের এ সংবাদমাধ্যম বলেছে, ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় এক উদ্ধারকর্মী কেউ নিচে আটকে আছেন কি না, চিৎকার করে জানতে চান। এর জবাবে রেশমা নামের এক নারীর কণ্ঠ ভেসে আসে, ‘দয়া করে আমাকে উদ্ধার করুন।’