আন্তর্জাতিক চাপ মোকাবিলার অঙ্গীকার আহমাদিনেজাদের
পরমাণু কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ মোকাবিলার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। একই সঙ্গে আক্রান্ত হলে পাল্টা হামলা চালানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইকুয়েডরের রাজধানী কিয়োটোয় গতকাল শুক্রবার এক সাক্ষাত্কারে আহমাদিনেজাদ বলেন, বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করা হলেও ইরানে এর কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে বিরক্ত, ধ্বংস ও অবরুদ্ধ করতে চাইলে ইরানও এর কড়া জবাব দেবে।আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানায়, দক্ষিণ আমেরিকায় পাঁচ দিনের সফরে মার্কিনবিরোধী নেতাদের সঙ্গে বৈঠক শেষে দেশের উদ্দেশে গতকাল ইকুয়েডর ছেড়েছেন আহমাদিনেজাদ। এ সময়ে তিনি ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও কিউবা সফর করেন। পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা এবং দেশটির তেলসম্পদের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে ইরানের তেলের বাজার সংকুচিত হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, তাঁর এ সফরের লক্ষ্য নতুন বাজার সৃষ্টিতে এসব দেশকে প্রভাবিত করা।জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) উদ্দেশ করে আহমাদিনেজাদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক সংস্থাটির সঙ্গে সর্বোচ্চ সহযোগিতামূলক আচরণ করে আসছি। ইরানের পারমাণবিক সমস্যা পুরোপুরিই রাজনৈতিক। এটি পরিষ্কার যুক্তরাষ্ট্র যেকোনো অজুহাতে ইরানের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চাইছে।’এদিকে, তেহরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগে গতকাল যুক্তরাষ্ট্র নতুন করে চীন, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের ওপর অবরোধ আরোপ করেছে।