আন্তর্জাতিক চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনা না হওয়া নেতিবাচক। জাতীয় সংসদের বিভিন্ন দিক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রতিবেদনটির নানা তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। প্রতিবেদনে সংসদ বর্জনের সূচক বৃদ্ধি, আইন প্রণয়ন প্রক্রিয়ায় জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ, কোরাম সংকট, কমিটির সদস্যদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ আদায়ের অভিযোগ এবং দলীয় প্রশংসা ও বিরোধী দলের সমালোচনাকে নেতিবাচক দিক হিসেবে দেখানো হয়েছে।প্রতিবেদনে কমিটির সভাপতি হিসেবে বিরোধীদলীয় সদস্যদের দায়িত্ব পালন, বিরোধীদলীয় সদস্যদের সংসদীয় কমিটিতে নিয়মিত অংশগ্রহণ, সময় গণনার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির প্রবর্তন এবং অসম্পূরক প্রশ্ন উত্থাপন হ্রাসকে সংসদের ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরে জানানো হয়, সংসদে সাংসদের উপস্থিতিও ক্রমশ কমছে। দ্বিতীয় অধিবেশনে উপস্থিতির হার ছিল ২৪৮ জন। সপ্তম অধিবেশনে এ হার ছিল ২২৩ জন। সবচেয়ে বেশি উপস্থিতি দেখা যায় প্রতি বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের দিন। সবচেয়ে কম উপস্থিতি থাকে প্রতি বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে। সংসদে সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতি ৭২ দশমিক ৪ কার্যদিবস (১২৬ দিন)। অপরদিকে বিরোধীদলীয় নেতার উপস্থিতি দুই দশমিক নয় শতাংশ কার্যদিবস (পাঁচ দিন)। সরকারি দলের সাংসদ এ এ মারুফ সাকলান সংসদের প্রথম দুই বছরের প্রতিটি কার্যদিবসে উপস্থিত ছিলেন। কোরাম সংকটের কারণে প্রতিদিন সংসদের অধিবেশন বিলম্বে শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, কোরাম সংকটের কারণে প্রতিদিন গড়ে ৩৩ মিনিট ব্যয় হচ্ছে। দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশন পর্যন্ত কোরাম সংকটের কারণে মোট ব্যয় হয়েছে ৭৪ ঘণ্টা ১৫ মিনিট। ব্যয়িত এ সময়ের আর্থিক মূল্য ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা। অষ্টম সংসদে প্রতিদিন গড়ে ৩৯ মিনিট ব্যয় হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইন প্রণয়নে ব্যয় হয়েছে মোট ৩৬ ঘণ্টা ৪৬ মিনিট। এটি মোট সময়ের আট শতাংশ। ছয়টি অধিবেশনে মোট ৯৮টি বিল পাস হয়েছে। প্রতিটি আইন পাসের জন্য ব্যয় হয়েছে গড়ে ২২ মিনিট করে। প্রথম দুই বছরে ৪৮টি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের সংখ্যা ৮৮১টি। সবচেয়ে বেশি ৫৭টি বৈঠক করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। ৩০টি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ২০টি কমিটির সদস্যদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ সময়ে কমিটিগুলো নয় শতাধিক সুপারিশ করেছে, যার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। টিআইবি বাংলাদেশ বেতার, বিটিভি, জাতীয় সংসদের বুলেটিন, সরকারি গেজেট ও সংবাদপত্রকে তাদের তথ্যের উত্স হিসেবে ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছে বলে উল্লেখ করেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য মোজাফফর আহমদ প্রমুখ।