আন্তর্জাতিক জলবায়ু তহবিল দ্রুত ছাড়ের আবেদন প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিওপি-১৫ এ প্রতিশ্রুত আন্তর্জাতিক জলবায়ু তহবিল দ্রুত ছাড়ের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ইউএনডিপির সহযোগিতা চান।আজ শনিবার স্থানীয় এক হোটেলে ইউএনডিপির এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কাস্টার কনফারেন্স উদ্বোধনকালে তিনি এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আন্তর্জাতিক জলবায়ু তহবিলের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আশা করি, আগামী মাসে কানকুনে অনুষ্ঠেয় সিওপি-১৬ বৈঠকে এ তহবিল তৈরি হবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে।’ শেখ হাসিনা আশা করেন, বালি প¬্যান অব অ্যাকশানের ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমনে বিশ্ব নেতারা আইনগতভাবে একটি বাধ্যতামূলক চুক্তিতে উপনীত হতে পারবেন।ইউএনডিপি প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন কার্কও সম্মেলনে বক্তব্য দেন। এতে ইউএনডিপির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী পরিচালকেরা অংশ নেন।আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে আমাদের যাবতীয় মহত্ উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও জলবায়ু পরিবর্তনে আমাদের ভূমিকা নেই বললেই চলে। অথচ আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।‘সাম্প্র্রতিক সময়ে ঘনঘন এবং মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ আমাদের সম্পদ এবং জনজীবনের ব্যাপক ক্ষতিসাধন করছে। জলবায়ু উদ্বাস্তুরা ইতিমধ্যে দেশের শহরগুলোতে ভিড় জমাচ্ছে এবং তৈরি হচ্ছে নানামুখী সামাজিক সমস্যা।’শেখ হাসিনা বলেন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশের এক-চতুথাংশ অংশ পানির নিচে তলিয়ে যাবে। তখন বিপুলসংখ্যক মানুষকে ছোট্ট একটি ভূখণ্ডে গাদাগাদি করে বসবাস করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবই এর জন্য দায়ী। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সরকার ১৩৪ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী বলেন, এ পরিকল্পনার আওতায় বড় বড় নদীতে ক্যাপিটাল ড্রেজিং কাজ শুরু হয়েছে। কৃষি জমি পুনরুদ্ধারের পদক্ষেপ, ২০১৫ সালের মধ্যে ২০ শতাংশ ভূমি বনায়নের আওতায় আনার কাজ শুরু, উপকূলে সবুজ বেষ্টনী সৃষ্টির মাধ্যমে কার্বন আধার তৈরির উদ্যোগ, জলবায়ু সহিষ্ণু ফসল উদ্ভাবন, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।শেখ হাসিনা বলেন, এ লক্ষ্যে সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁর সরকার একটি ‘জলবায়ু পরিবর্তন সহিষ্ণু তহবিল’ স্থাপন করেছে।সরকার ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সেতুবন্ধ হিসেবে ইউএনডিপির গুরুত্ব অপরিসীম এ কথা উল্লে¬খ করে শেখ হাসিনা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের আশু বিপদের ঝুঁকিতে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও নেপালের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ইউএনডিপির বর্ধিত ভূমিকা এখন আরও জরুরি।প্রধানমন্ত্রী বলেন, ‘ইউএনডিপি অবকাঠামো, জীবিকা ও আশ্রয়ের ক্ষেত্রে সহায়তার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং জলবায়ুর প্রভাবে সৃষ্ট দারিদ্র্য ও জলবায়ু উদ্বাস্তু সমস্যা মোকাবিলায় আমাদের সহায়তা করতে পারে।’এ সময় অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।