আন্তর্জাতিক জলবায়ু তহবিল দ্রুত ছাড়ের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন-বিষয়ক সম্মেলনে (সিওপি-১৫) প্রতিশ্রুত আন্তর্জাতিক জলবায়ু তহবিল দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে ইউএনডিপির উপস্থিতি ও ভূমিকা কামনা করেন। গতকাল স্থানীয় এক হোটেলে ইউএনডিপির এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ক্লাস্টার কনফারেন্স উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আন্তর্জাতিক জলবায়ু তহবিলের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আশা করি, আগামী মাসে কানকুনে অনুষ্ঠেয় সিওপি-১৬ বৈঠকে এ তহবিল তৈরি হবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে।’ইউএনডিপির প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কও সম্মেলনে বক্তব্য দেন। এতে ইউএনডিপির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী পরিচালকেরা অংশ নেন।আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে আমাদের যাবতীয় মহৎ উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ জলবায়ু পরিবর্তনে আমাদের ভূমিকা নেই বললেই চলে। কিন্তু আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।সাম্প্রতিক সময়ে ঘন ঘন এবং মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ আমাদের সম্পদ এবং জনজীবনের ব্যাপক ক্ষতিসাধন করছে।’ জলবায়ু উদ্বাস্তুরা এরই মধ্যে দেশের শহরগুলোতে ভিড় জমাচ্ছে এবং তৈরি হচ্ছে নানামুখী সামাজিক সমস্যা—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশের এক-চতুর্থাংশ অংশ পানির নিচে তলিয়ে যাবে। তখন বিপুলসংখ্যক মানুষকে ছোট্ট একটি ভূখণ্ডে গাদাগাদি করে বসবাস করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবই এর জন্য দায়ী। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সরকার ১৩৪ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী বলেন, এ পরিকল্পনার আওতায় বড় বড় নদীতে ব্যাপক খননকাজ শুরু হয়েছে। কৃষিজমি পুনরুদ্ধারের পদক্ষেপ, ২০১৫ সালের মধ্যে ২০ শতাংশ ভূমি বনায়নের আওতায় আনা, উপকূলে সবুজ বেষ্টনী সৃষ্টির মাধ্যমে কার্বন আধার তৈরির উদ্যোগ, জলবায়ুসহিষ্ণু ফসল উদ্ভাবন, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের উদ্যোগ এবং উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁর সরকার একটি ‘জলবায়ু পরিবর্তন সহিষ্ণু তহবিল’ স্থাপন করেছে। তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের আশু বিপদের ঝুঁকিতে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও নেপালের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ইউএনডিপির বর্ধিত ভূমিকা এখন আরও জরুরি। সম্পদের সুষম বণ্টন এবং দারিদ্র্য বিমোচনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে দারিদ্র্য বিমোচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিক্ষা খাতে সরকারের সর্বোচ্চ বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালের মধ্যে শতভাগ শিশুর স্কুল গমন নিশ্চিত এবং ২০১৪ সালের মধ্যে শিক্ষার হার শত ভাগে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর। লিঙ্গসমতা প্রসঙ্গে তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ে ছেলেমেয়েদের লিঙ্গসমতা অর্জিত হয়েছে। স্নাতক পর্যায়ে এ সমতা অর্জনের জন্য মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা করা হয়েছে।শেখ হাসিনা বলেন, রাজনীতি, প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনীসহ সব পেশায় নারীর অংশগ্রহণ উৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের নারীরা এখন শান্তিরক্ষা মিশনেও কাজ করছেন। মাতৃমৃত্যু হার হ্রাসে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, মাতৃমৃত্যুর হার ২ দশমিক ৯ থেকে ২ দশমিক ৬-তে নেমে এসেছে। তিনি বলেন, শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্য অর্জনের জন্য এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে বাংলাদেশকে এমডিজি-৪ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়নে অন্যান্য লক্ষ্য (এমডিজি-১ দারিদ্র্য বিমোচন, এমডিজি-২ সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং এমডিজি-৩ লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়ন) অর্জনও সঠিক পথে এগোচ্ছে।