আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিজস্ব কার্যবিধি তৈরি করেছে
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিজস্ব কার্যবিধি তৈরি করেছে। মানবাধিকার, মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক মান বিবেচনা করে সুষ্ঠু বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনাল এই কার্যবিধি তৈরি করেছে।আজ রোববার বেলা আড়াইটায় পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। মো. শাহীনুল ইসলাম বলেন, কার্যবিধিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, ট্রাইব্যুনালের কার্যালয়ের কার্যপ্রণালী-সম্পর্কিত পদ্ধতি এখানে তুলে ধরা হয়েছে। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩-এর ২২ ধারার ক্ষমতাবলে এ কার্যবিধি তৈরি হয়েছে। ১৫ জুলাই গেজেট আকারে এটি প্রকাশিত হয়েছে।মূল আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যবিধিটি তৈরি করা হয়েছে। মূল আইনে যেসব কর্মপদ্ধতি সম্পর্কে স্পষ্টতা নেই, সেসব বিষয়ে কার্যবিধিতে স্পষ্টতা দেওয়া হয়েছে। কার্যবিধিতে সংযোজন, বিয়োজন, সংশোধন ও পরিবর্তন আনার এখতিয়ার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আছে। প্রসঙ্গত, গত ২৫ মার্চ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কাজ শুরু করে। কাজ শুরুর ১২০ দিন পর কার্যবিধি তৈরি করা হলো।