মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুক্তি তুলে ধরছে বাংলাদেশ
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমায় বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গত বৃহস্পতি ও শুক্রবার যুক্তিতর্ক তুলে ধরেছে বাংলাদেশ। শুনানির দ্বিতীয় দিনে তটরেখা থেকে ১২ মাইল জলসীমা নির্ধারণের যুক্তি তুলে ধরে বাংলাদেশ।জার্মানির বন্দর শহর হামবুর্গে দুই প্রতিবেশীর সমুদ্রসীমা বিরোধের এ শুনানি কয়েক দফায় ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী সোম ও মঙ্গলবার বাংলাদেশ আরও যুক্তি তুলে ধরার সময় পাবে। ট্রাইব্যুনালে ১৫ সেপ্টেম্বর থেকে মিয়ানমার তার যুক্তি ও বক্তব্য পেশ করবে। এ জন্য তারাও সময় পাবে চার দিন।উভয় পক্ষের মতামত শোনার পর ট্রাইব্যুনালে ২১ ও ২২ সেপ্টেম্বর বাংলাদেশের সওয়াল-জবাব দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আর মিয়ানমারের জন্য ২৪ সেপ্টেম্বর।পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শুনানিতে দেওয়া প্রাথমিক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশের ভৌগোলিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরে তার ভিত্তিতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির জন্য ১৯৭৪ সাল থেকে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার। গত ৩৪ বছরে দুই প্রতিবেশী দেশ এ বিষয়ে অন্তত ১৩ বার বৈঠক করেছে। ১৯৭৪ সালে আলোচনা-প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠকে জলসীমায় সমুদ্রসীমার ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছায়। কিন্তু এখন মিয়ানমার বলছে, এ ধরনের কোনো সমঝোতা হয়নি। আর আমরা মিয়ানমারের এ অবস্থানের তীব্র বিরোধিতা করছি। এ বিষয়টির সুরাহা এখন ট্রাইব্যুনাল করবে।’ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে সমুদ্রসীমা বিরোধের ঐতিহাসিক মামলাটি পরিচালনা করবে, যার মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক ভবিষ্যতে আরও ইতিবাচকভাবে এগিয়ে যাবে।প্রথম দিনের শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ছাড়াও বাংলাদেশের পক্ষে ভৌগোলিক ও ভূতাত্ত্বিক প্রেক্ষাপট তুলে ধরে আইনি পরামর্শক সংস্থা ফলি হগ এলএলপির পল রাইখলার এবং প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে বক্তৃতা করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেমস ক্রফোর্ড।বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানসহ সমুদ্রসম্পদের নায্য হিস্যা নিশ্চিত করতে দুই দেশের জন্য সমুদ্রসীমা নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে অগ্রগতি না হওয়ায় জাতিসংঘের সমুদ্রসীমা-সংক্রান্ত আইন (আনক্লজ)-১৯৮২-এর অধীনে বিরোধ নিষ্পত্তির জন্য ২০০৯ সালের ৮ অক্টোবর জাতিসংঘের সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর দুই পক্ষের সম্মতিতে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর এটি ইটলসের ১৬তম মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলার প্রক্রিয়া অনুযায়ী ২০১০ সালের ১ জুলাই বাংলাদেশ তার দাবির পক্ষে তথ্য-উপাত্ত জমা দেয়। আর এ ব্যাপারে পাল্টা যুক্তি মিয়ানমার উপস্থাপন করে ২০১০ সালের ১০ ডিসেম্বর। এরপর মিয়ানমারের জবাবের পাল্টা যুক্তি বাংলাদেশ ২০১১ সালের ১৫ মার্চ উপস্থাপন করে। আর সবশেষে গত ১ জুলাই এর পাল্টা জবাব দেয় মিয়ানমার। এর ভিত্তিতে এখন বিষয়টি নিয়ে ইটলসে যে শুনানি শুরু হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর তা শেষ হওয়ার কথা রয়েছে।