আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কাল
দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করতে প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১১। কাল শুক্রবার দিবসটি পালন করা হবে। জাতিসংঘ ২০০৩ সালের এই দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা দেয়। দিনটি উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মসূচি নিয়েছে।দুদক দেশব্যাপী শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র-প্রদর্শনী ও দুর্নীতিবিরোধী আলোচনা সভার আয়োজন করেছে। ৬২টি জেলা ও ৪২৫টি উপজেলা সদরে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, সেমিনার, মতবিনিময় সভা, পদযাত্রা, মানববন্ধন প্রভৃতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া কাল সকালে দুদকের প্রধান কার্যালয় থেকে কাকরাইল-বিজয়নগর হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত দুর্নীতিবিরোধী শোভাযাত্রা বের হবে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে।‘স্বাধীনতার গৌরবময় চল্লিশ: চাই সুশাসন-দুর্নীতি প্রতিরোধ’ প্রতিপাদ্য নিয়ে টিআইবি আয়োজন করেছে বিতর্ক প্রতিযোগিতা, খুদে বার্তা (এসএমএস) ক্যাম্পেইন, তরুণ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন। ‘দুর্নীতি ও সুশাসন’ বিষয়বস্তু নিয়ে গত ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সঙ্গে আয়োজন করেছে ১০ম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাহায্যে একটি খুদে বার্তা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, কাল দেশের সব অপারেটরের মুঠোফোন ব্যবহারকারীদের কাছে পাঠানো হবে।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে বিকেলে একটি মানববন্ধন এবং জয়নুল গ্যালারিতে আট দিনব্যাপী দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ ছাড়া দেশের ৪৫টি এলাকায় সনাক ও ইয়েস সদস্যদের সাহায্যে মানববন্ধন, শোভাযাত্রা, কার্টুন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, পথনাটক, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।