আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধাপরাধের বিচার
যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচারে বিশ্বে বিভিন্ন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আন্তর্জাতিক আইন কিংবা জাতীয় ও আন্তর্জাতিক আইনের সংমিশ্রণে বেশির ভাগ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এর মধ্যে শুধু জাতীয় আইনের আওতায় আইখম্যানের মামলাটি সম্পন্ন হয়েছে। আইখম্যানের মামলাটির পর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলো জাতীয় আইনে। এ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতায়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কিংবা আন্তর্জাতিক সংস্থা ও দেশের মতামত নেওয়া হয়। যদিও ১৯৭৩ সালের আইনটি আন্তর্জাতিক আইনগুলোকে অনুসরণ করেছে। আইনমন্ত্রী অবশ্য বলেছেন, এ বিচারে আন্তর্জাতিক ক্ষেত্রে কারিগরি সহযোগিতা নেওয়া হবে; জাতিসংঘও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে ট্রাইব্যুনালের স্থাপন ও বিচার হবে সম্পূর্ণই নিজেদের আইনে।জার্মানির শাসক হিটলারের শাসনামলে নাজি যুদ্ধাপরাধী আইখম্যানের (Eichmann) ইহুদি হত্যা করার অপরাধে ইসরায়েলের ডিস্ট্রিক্ট কোর্ট অব জেরুজালেম তাঁকে মৃত্যুদণ্ড দেন ১৯৬২ সালে। এ রায়ের বিরুদ্ধে আইখম্যান ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল দায়ের করলে আপিল প্রত্যাখ্যাত হয় ও দণ্ড বহাল থাকে। রায়ে বলা হয়, যাঁরা আন্তর্জাতিক আইনের অধীন অপরাধ করেছেন, (যেমন: যুদ্ধাপরাধ) বিশ্বের যেকোনো দেশের যেকোনো আদালত তাঁদের অপরাধের বিচার করতে পারেন।আন্তর্জাতিক আইনে গঠিত ট্রাইব্যুনালনুরেমবার্গ ট্রাইব্যুনাল: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অভিযুক্ত সেনা সদস্যের বিচারের জন্য নুরেমবার্গে ট্রাইব্যুনাল গঠিত হয়। ১৯৪৬ সালের ৩১ আগস্ট এ ট্রাইব্যুনালের বিচারকাজ শেষ হয়। ২২ জনকে বিচারের মুখোমুখি করা হয়। রায় আসে ১৯৪৬ সালের ১ অক্টোবর। ২২ জনের মধ্যে একজনকে শান্ত্তির বিরুদ্ধে অপরাধ ও দুজনকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়। বাকিদের শাস্তি দেওয়া হয় যুদ্ধাপরাধ ও চার্টারে বর্ণিত অন্যান্য অপরাধের জন্য। রায়ে ১২ জনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।টোকিও ট্রায়াল: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভকারী রাষ্ট্রগুলো ১৯৪৫ সালের ২০ জুলাই পটসডামে গৃহীত ঘোষণা অনুযায়ী, টোকিও ট্রাইব্যুনাল গঠিত হয়। ১৯৪৬ সালের ৪ জুন টোকিওতে জাপানের যুদ্ধাপরাধীদের বিচারকাজ আরম্ভ হয়। এ বিচারে ২৮ জনকে অভিযুক্ত করা হয়। ১৯৪৮ সালের নভেম্বরে রায় আসে। রায়ে যাঁরা যুদ্ধ সংগঠিত ও পরিচালনা করেছিলেন, তাঁদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়; যাঁরা যুদ্ধাপরাধ, মানবতা ও শক্তির বিরুদ্ধে অপরাধ করেছিলেন, তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।সাবেক যুগোস্লাভিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল: ১৯৯২ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সাবেক যুগোস্লাভিয়ায় যুদ্ধাপরাধ বিষয়ে বিশেষ কমিশন গঠন করে। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে নিরাপত্তা পরিষদ ১৯৯৩ সালের ২২ ফেব্রুয়ারি একটি প্রস্তাব গ্রহণ করে এবং ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেয়। ১৯৯৩ সালের ২৫ মে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নেয়। জাতিসংঘ কর্তৃক ওয়্যার ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন এটিই প্রথম। ১১ সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল ১৯৯৩ সালের ১৭ নভেম্বর নেদারল্যান্ডের হেগ শহরে প্রতিষ্ঠিত হয়। এতে বসনিয়ার সার্ব নেতা ও সামরিক কমান্ডারদের অভিযুক্ত করা হয়। সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ তাঁর শাসনামলে মুসলমানদের ওপর করা গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের দায়ে ২০০১ সালের ৩ জুলাই ট্রাইব্যুনালে অভিযোগ উত্থাপিত হয়। ২০০২ সালের ১২ ফেব্রুয়ারি মূল বিচার কার্যক্রম আরম্ভ হয়। ২০০৬ সালের ১১ মার্চ মিলোসেভিচকে তাঁর সেলে মৃত অবস্থায় পাওয়া যায়।রুয়ান্ডা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: আশির দশকের শেষে রুয়ান্ডায় হুতুদের সঙ্গে তুতসিদের জাতিগত বিরোধে তুতসিরা প্রায় এক লাখ হুতুকে হত্যা করে। ১৯৯৪ সালের ৮ নভেম্বর নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেয়। সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের পর এ ট্রাইব্যুনাল জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনাল। ১৯৯৮ সালে রায় আসে, রুয়ান্ডার সাবেক প্রধানমন্ত্রীকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।আন্তর্জাতিক অপরাধ আদালত: ১৯৯৮ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত গঠিত হয় ও এটি ২০০২ সাল থেকে কার্যকর হয়। নেদারল্যান্ডের হেগে প্রতিষ্ঠিত এ আদালতে এ বছর পর্যন্ত কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছে। ৪ মার্চ ২০০৯ প্রথমবারের মতো সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত সিদ্ধান্ত দেন, বশির ও তাঁর সামরিক মিলিশিয়া বাহিনী মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের কাজে স্পষ্ট জড়িত। এ ছাড়া কঙ্গোর সাবেক নেতা লুবাঙ্গার বিরুদ্ধে অপরাধের অভিযোগ উত্থাপিত হয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় আইনের সমন্বয়ে গঠিত বিচার-প্রক্রিয়াসিয়েরালিওনের বিশেষ আদালত: সিয়েরালিওন সরকার এবং জাতিসংঘের যৌথ সহায়তায় গঠিত হয় বিশেষ আদালত। এতে বিভিন্ন রাষ্ট্র থেকে তহবিলে অনুদান দেওয়া হয়। ১২ জুন ২০০০ সালে এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ও সিয়েরালিওনের মধ্যে। ১৪ আগস্ট ২০০০ সালে নিরাপত্তা পরিষদ রেজুলেশন পাস করে। ১৬ জানুয়ারি ২০০২ সালে যৌথভাবে চুক্তিতে সই করা হয়। জুলাই ২০০২ থেকে কার্যক্রম শুরু হয়।এ আদালতে সিভিল ডিফেন্স ফোর্স (সিডিএফ), রেভ্যুলেশনারি ইউনাইটেড ফ্রন্ট (রাফ) এবং আর্মড ফোর্সেস রেভ্যুলেশনারি কাউন্সিলের (এএফআরসি) অভিযুক্ত সদস্যদের অভিযুক্ত করা হয়। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের বিচারকাজ শুরু হয় ২০০৭ সালে। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সোপর্দ করা হয়েছে।কসোভোয় সংঘটিত জাতীয় অপরাধের বিচার: কসোভোয় সংঘটিত যুদ্ধের অপরাধীদের বিচার শুরু হয় ২০০০ সালে। এখানে সার্ভিয়ায় ৫৩টি, মন্টিনিগ্রোর পাঁচটি, বসনিয়া ও হার্জেগোভিনার ১০টি এবং ক্রোয়েশিয়ায় ১৪টি মামলার বিচার করা হয়। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি ছিল। কম্বোডিয়ায় যুদ্ধাপরাধের বিচার: ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কম্বোডিয়ায় সাবেক খেমাররুজ সরকার গণহত্যা চালায়। এ হত্যাকাণ্ডের বিচারের জন্য ২০০৪ সালে কম্বোডিয়ার সরকার জাতিসংঘের পরামর্শ ও সহযোগিতায় ট্রাইব্যুনাল গঠন করে। ২০০৭ সালের ২০ নভেম্বর প্রেসিডেন্ট খিউ সাম্পানকে যুদ্ধাপরাধী, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়।লেবাননের বিশেষ ট্রাইব্যুনাল: ২০০৫ সালে লেবাননের সাবেক প্রেসিডেন্ট রফিক হারিরিসহ ২২ জনকে নৃশংস আক্রমণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের জন্য ২০০৭ সালে এ ট্রাইব্যুনাল গঠিত হয়। লেবাননের সরকারের অনুরোধে জাতিসংঘ এ ট্রাইব্যুনাল গঠন করে। যদিও এখানে লেবাননের জাতীয় ফৌজদারি আইন প্রয়োগ করা হয়েছে।পূর্ব তিমুরে দিলি ডিস্ট্রিক্ট কোর্ট: ২০০০ সালে পূর্ব তিমুরের দিলিতে এ আদালত স্থাপিত হয়।য় গুরুতর অপরাধের বিচারের জন্য এ আদালত স্থাপিত হয়েছে। এ আদালতে ব্রাজিল, বুরুন্ডি, জার্মান, ইতালি, পর্তুগাল, উগান্ডা এবং আমেরিকা থেকে বিচারক নিয়োগ করা হয়। জাতিসংঘের সহায়তায় এ আদালত গঠিত হয়। এ বিশেষ কমিটি ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে।ফিরে দেখামুক্তিযুদ্ধ-পরবর্তী সরকার পাকিস্তান সেনাবাহিনীর এ দেশীয় সহযোগীদের বিচারের জন্য ১৯৭২ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনালস) আদেশ, ১৯৭২ এবং ১৯৭৩ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ জারি করে। ১৯৭২ সালের ২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশে তিনটি সংশোধনী আনা হয়। ১৯৭৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সারা বাংলাদেশ থেকে এ আদেশের অধীনে ৩৭ হাজার ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দ্রুত বিচারের লক্ষ্যে বঙ্গবন্ধু সরকার ৭৩টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। যেসব মামলা দায়ের করা হয়েছিল, এর মধ্যে ১৯৭৩ সালের অক্টোবর পর্যন্ত দুই হাজার ৮৪৮টি মামলার নিষ্পত্তি হয়েছিল। অভিযুক্তদের মধ্যে ৭৫২ জন দোষী প্রমাণিত হয়েছিল, দুই হাজার ৯৬ জন ছাড়া পেয়েছিল। ১৯৭৩ সালের ৩০ নভেম্বর দালাল আইনে আটক যেসব ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগ নেই, তাদের জন্য সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে। তবে সাধারণ ক্ষমার প্রেসনোটে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘ধর্ষণ, খুন, খুনের চেষ্টা, ঘরবাড়ি অথবা জাহাজ-অগ্নিসংযোগের দায়ে দণ্ডিত ও অভিযুক্তদের ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন প্রযোজ্য হইবে না।’ সাধারণ ক্ষমা ঘোষণার পরও দালাল আইনে আটক ১১ হাজারেরও বেশি ব্যক্তি এসব অপরাধের দায়ে কারাগারে আটক ছিল এবং তাদের বিচার কার্যক্রম অব্যাহত ছিল। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ হয়।