আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে প্রতিফলন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশীয় বাজারে তার প্রতিফলন নেই। আজ সোমবার সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।এ বিষয়ে নুরুল ইসলাম ও মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশীয় বাজারে ভোজ্যতেলের দাম কমছে না। কারণ ডলারের বিপরীতে টাকার মূল্যমান হ্রাস, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি, ব্যাংকের তারল্যসংকট ও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। তবে পাশের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে অধিকাংশ পণ্যের দাম এখনো কম।তার আগে পাঁচটা ১০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে জি এম কাদের জানান, চলতি অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত থেকে তুলা, সুতা, চিনি, কাপড়, মোটরসাইকেল, চাল, গম, ডিজেল, ট্রাক্টর, মোটরগাড়ি, ট্রাক, অ্যালুমিনিয়াম, টায়ারসহ মোট ৪৬ হাজার ৫২৩টি পণ্য চালানে ১৫ হাজার ৮০৮ কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে। একই সময়ে ভারতে পাটজাতদ্রব্য, সুপারি, পাটের ব্যাগ, মাছ, পাট, অ্যামোনিয়া, লাইটিং সেট, ট্রাউজারসহ মোট ১৭ হাজার ৯৫৬টি পণ্য চালানে এক হাজার ৬৩৭ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে।মন্ত্রী আরও জানান, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য ৭৯টি পণ্যকে অপ্রয়োজনীয় পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব পণ্য আমদানি নিরুত্সাহিত করতে ২৫ শতাংশ হারে রেগুলেটরি ডিউটি আরোপের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে।নাজমা আকতারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, গত অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ ভারত থেকে দুই হাজার ৫৩ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। ওই সময়ে ভারতে রপ্তানি করেছে ২১৮ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার।জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন জানান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, লেবানন, মিসরে আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কর্মী যাওয়ার হার বেড়েছে। তবে সৌদি আরবে ২৫ লাখের বেশি কর্মী থাকায় সেখানে কর্মী যাওয়ার হার কমেছে। কুয়েতের শ্রমবাজার শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।