আন্তর্জাতিক ব্যবসায়ীরা খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ করছেন: ফারুক খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, খাদ্যদ্রব্যের দাম শুধু দেশি ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করেন না। আন্তর্জাতিক ব্যবসায়ীরা সিন্ডিকেট করে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ করেন। ব্যবসায়ীদের কোনো কোনো সিন্ডিকেট খাদ্যদ্রব্য উত্পাদনকারী কোনো দেশের সব খাদ্যশস্য একসঙ্গে কিনে কৃত্রিম সংকট তৈরি করে। আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ফেয়ারনেস ইন বিজনেস: এ পাবলিক লেকচার’ শীর্ষক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দর্শন বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।ফারুক খান বলেন, বাংলাদেশ বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা কিংবা অন্য সংস্থা থেকে বিশেষ কোনো সুবিধা পায়নি। এ ছাড়াও পৃথিবীব্যাপী মানুষের উপার্জন বাড়ার ফলে ভোগের পরিমাণ বেড়েছে। খাদ্যদ্রব্যের দাম বাড়ার পেছনে এ কারণগুলো উল্লেখযোগ্য।বাণিজ্যমন্ত্রী বলেন, এসব থেকে উত্তরণের জন্য নিজেদের উত্পাদন ক্ষমতা ও খাদ্যের মজুদ বাড়াতে হবে। তিনি বলেন, খাদ্যদ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার টিসিবিকে অধিকতর সচল ও শক্তিশালী করেছে। তিনি ব্যবসায়ীদের শুধু মুনাফা করার দৃষ্টিভঙ্গি পরিহার করে দেশ ও জনগণের কথা বিবেচনা করার আহ্বান জানান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির বলেন, ব্যবসা-বাণিজ্যে সততা অপরিহার্য। শিক্ষক ও ছাত্রছাত্রীদের সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ‘ব্যবসায়ী সততা: তাত্ত্বিক ও ব্যবহারিক বিবেচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আ ফ ম উবায়দুর রহমান। প্রবন্ধে তিনি বলেন, পরিচ্ছন্ন ব্যবসার জন্য ব্যবসা বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আবশ্যক। তিনি ব্যবসার ক্ষেত্রে পদ্ধতিগতভাবে নৈতিকতা শিক্ষাদানের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক ফাহমিনা আহমেদ। সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ। বিজ্ঞপ্তি।