আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শেষ
সিলেটে গতকাল শনিবার দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শেষ হয়েছে। নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ সিলেটের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।সকালে ‘আন্তর্জাতিক পর্যায়ে মণিপুরি সাহিত্য’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। পরে ছিল কবি সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন কবি দিলওয়ার। শেরাম নিরঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের মণিপুরের চোংথাম ওংবী সুবদনী দেবী, কে অমরজিৎ ও কেএসঐচ মাধবী।কবিতা পাঠ করেন শুভেন্দু ইমাম, মুস্তাফা মজিদ, আবুল ফতেহ ফাত্তাহ, জফির সেতু, মোস্তাক আহমাদ, এনায়েত হোসেন, পুলিন রায়, সুমনকুমার দাশ, আনোয়ার হোসেন, বিমান তালুকদার, রানা প্রতাপ সিংহ প্রমুখ।সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি নৃত্য, লোকসংগীত, পেনা, মৃদঙ্গনৃত্যসহ মণিপুরি সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা করেন ভারত ও বাংলাদেশের আমন্ত্রিত শিল্পীরা।