আন্তর্জাতিক মহল পাকিস্তানের অবস্থান সমর্থন করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় পাকিস্তানের সমর্থন নেই, তবে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সব মহলের সমর্থন রয়েছে। এমনকি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে পাকিস্তানের অবস্থান আন্তর্জাতিক মহল সমর্থন করে না।আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল শনিবার রাজধানীতে দুটি পৃথক অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কোনো রাষ্ট্র হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারবে না।’রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে মানবাধিকার সংস্থা ‘অধিকার’ আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে ১৯৭৩ সালের আইনই যথেষ্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজন নেই। এ ব্যাপারে বিশ্বের প্রায় সব দেশ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান মন্ত্রী।যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চেয়ে শফিক আহমেদ বলেন, যেসব রাষ্ট্রের কাছে ১৯৭১ সালের তথ্য ও উপাত্ত রয়েছে, তারা সেগুলো দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে পারে। চিহ্নিত অপরাধীদের প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটি তদন্ত কর্মকর্তাদের কাজ, তাঁরাই অপরাধীদের খুঁজে বের করবেন এবং তাঁরাই বলবেন, কারা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। তিনি বলেন, অপরাধের দায়ে অভিযুক্ত কেউ বিদেশে থাকলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।আইনমন্ত্রী আরও জানান, ২৬ মার্চের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থা ও আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠন করা হবে। অধিকারের সভাপতি সি আর আবরার সেমিনারে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাংসদ হাসানুল হক ইনু, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, কোয়ালিশন ফর আইসিসি-এশিয়ার প্রোগাম অ্যাসোসিয়েট রেবেকা ডি ই লোহাডা ও অধিকারের প্রতিষ্ঠাতা সদস্য সায়রা রহমান বক্তব্য দেন। এদিকে গতকাল সুপ্রিম কোর্ট বারের শামসুল হক চৌধুরী হলে মুক্তিযুদ্ধ ও গণমুক্তি আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, ‘শুধু যুদ্ধাপরাধী নয়, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী একাত্তরে যারা গণহত্যা করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এবং এসব অপরাধে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরও বিচার হবে।’ তিনি আরও বলেন, এ বিচারের বিষয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। বিচারের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। সহসাই এ বিচার জনগণ দেখতে পাবে। আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাসদের সভাপতি হাসানুুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও মমতাজ উদ্দীন বক্তব্য দেন।