আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সব ভাষার ওপর গবেষণা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপিত হয়েছে, সেখানে সব ভাষার ওপর গবেষণা হবে। এখানে বিশ্বের সব ভাষার আর্কাইভ থাকবে। তিনি বলেন, বিলুপ্তপ্রায় ভাষাকে জাগিয়ে তোলার কাজ হবে এখানে। আমরা চাই একটি ভাষাও যেন মানবসমাজ থেকে হারিয়ে না যায়। প্রধানমন্ত্রী গতকাল সোমবার তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংগীত উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণে এ উত্সবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বিশ্বের সব দেশের, সব ভাষাভাষী মানুষ-তারা যত কমই হোক না কেন, সবারই সমান অধিকার নিয়ে, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। সব সম্প্রদায়ের এবং ভাষাভাষী মানুষের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি লালনের অধিকার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সব ভাষার মানুষের সাংস্কৃতিক অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে কাজ করবে।‘বাংলায় গাইবে বিশ্ব’ শীর্ষক এ উত্সবের আয়োজক বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। সংগঠনের পরিচালক এস এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।শেখ হাসিনা তাঁর বক্তব্যে পুঁথি, চারণ কবিতা, লোকগাঁথা, লোকসাহিত্য, বাউল গানসহ বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনসহ ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধে কবিতা, সংগীতের ইতিবাচক প্রভাবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, সংগীত হতে পারে গণতন্ত্র, স্বাধীনতার পক্ষে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চেতনা জাগ্রত করার অন্যতম হাতিয়ার। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সংগীত উত্সব নতুন প্রজন্মকে দেশ ও দেশের সংস্কৃতিকে ভালোবাসতে শেখাবে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একুশের গানের একটি সিডির মোড়ক উন্মোচন করেন।প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ি, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফকির আলমগীর, ফাহমিদা নবী, নকীব খান, পাকিস্তানের আলমগীরসহ ১৫টি দেশের শিল্পীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ গানটি পরিবেশন করেন। এ সময় প্রধানমন্ত্রী দর্শক আসনে ছিলেন। এর পর শিল্পীরা একক সংগীত পরিবেশন করেন। একপর্যায়ে বাপ্পী লাহিড়ি দর্শক আসনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচিত হন ও ছেলেকে পরিচয় করিয়ে দেন। পরে বাপ্পী লাহিড়ি মঞ্চে উঠে বলেন, ৩৬ বছর ধরে তিনি বলিউডে থাকেন। তাঁর জন্ম কলকাতায়। কিন্তু তাঁর মা-বাবা পাবনা ও সিরাজগঞ্জের মানুষ। নিজে বাঙালি হিসেবে বিশেষভাবে গর্ব অনুভব করেন। পরে তিনি ‘চিরদিনই আমি যে তোমার...’ গান পরিবেশন করলে দর্শক-শ্রোতারা মুহুর্মুহু তালি দেন। একের পর এক শিল্পীর পরিবেশনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণে উপস্থিত দর্শক-শ্রোতার মন ছুঁয়ে যায়।