আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্বোধন ২১ ফেব্রুয়ারি
এবার একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানান। জানা গেছে, আপাতত ইনস্টিটিউট ভবনের তিনটি ফ্লোর সম্পন্ন করে এর কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো মহান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করায় সরকার দেশে একটি আন্তর্জাতিক মাতৃভাষা চর্চা ও গবেষণা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় মোট ১৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প গ্রহণ করে। জাতিসংঘের মহাসচিব কফি আনান ২০০০ সালের মার্চ মাসে এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নানা কারণে এর নির্মাণকাজ ব্যাহত হয়।শিক্ষামন্ত্রী জানান, মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বাংলা ভাষাসহ বিশ্বের সব মাতৃভাষার গবেষণা, উন্নয়ন, সংরক্ষণ ও সমন্বয় সাধন, সব ভাষা সম্পর্কে সংগৃহীত তথ্য জাদুঘরের মতো আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ, উপস্থাপন ও ওয়েবসাইট খোলা, বিভিন্ন মাতৃভাষা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ ও বিনিময় করা, অনুবাদ কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ দোভাষী তৈরি করা, ভাষানীতি প্রণয়নে সরকারকে সহায়তা প্রদান, বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষার ওপর গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করা এবং ভাষা-সাহিত্যে অবদানের জন্য সম্মাননা দেওয়া।