আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের জনগণ এবং প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে বাংলা ভাষাভাষীদের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বার্তায় শুভেচ্ছা জানান।বার্তায় হিলারি বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্রপাত বাংলাদেশ থেকে। নিজ ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের সংগ্রামের কথা তিনি স্মরণ করেন। হিলারি ক্লিনটন তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা উেসর সন্ধান পাই, নিজস্ব সংস্কৃতি ধারণ করার প্রেরণা পাই।’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানদের মাতৃভাষা দিবস ব্যাপকভাবে উদযাপনের কথা হিলারি ক্লিনটন তাঁর বিবৃতিতে উল্লেখ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সর্বত্র একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরসংলগ্ন এলাকায় অস্থায়ী শহীদ মিনার তৈরি হচ্ছে। গত ১৯ বছরের ধারাবাহিকতায় মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনামঞ্চ এবারও এ উদ্যোগ গ্রহণ করেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবারই প্রথমবারের মতো নিজস্ব কার্যালয়ে মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের অনুষ্ঠান করবে। নিউইয়র্কে কর্মরত শতাধিক দেশের কনসাল জেনারেলদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব কনসাল জেনারেল’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা অনুষ্ঠান করবে। নিউইয়র্ক, নিউজার্সি, ফ্লোরিডা, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ বাংলাদেশি জনবহুল নগরগুলোতে প্রবাসীরা একুশে উদযাপনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে নির্মিত হচ্ছে অর্ধশত অস্থায়ী শহীদ মিনার।