যুদ্ধাপরাধের বিচার: বিএনপি বিরোধিতা করছে না, আশঙ্কা স্বচ্ছতা নিয়ে
আন্তর্জাতিক মান নিশ্চিত করতে চায় সরকার
যুদ্ধাপরাধীদের বিচারে জাতীয় ও আন্তর্জাতিক মহলের সহযোগিতা পাবে বলে মনে করছে সরকার। সরকারের নীতিনির্ধারকদের মতে, এই বিচার হবে আন্তর্জাতিক মানের। এদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রধান প্রতিপক্ষ চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ছাড়া বিএনপি বা অন্য কোনো দল যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করছে না। তবে এই বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিরোধী দল। বিএনপি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতারা বলছেন, সত্যিকারের অপরাধীদের বিচার হলে বিরোধিতা করার কিছু নেই। তবে জামায়াতে ইসলামীর দাবি, সরকার তাদের কোণঠাসা করতে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সামনে এনেছে।যুদ্ধাপরাধের বিচারে গত বৃহস্পতিবার তিন সদস্যের ট্রাইব্যুনাল, সাত সদস্যের তদন্তকারী সংস্থা ও ১২ সদস্যের আইনজীবী প্যানেল ঘোষণা করা হয়।বিচার-প্রক্রিয়া শুরুর পর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, সব পর্যায় থেকে আগে থেকেই সমর্থন পাওয়া গেছে। বিচার-প্রক্রিয়া শুরুর পরও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। সবাই বলছে, বিচারটি হোক। তবে আন্তর্জাতিক মানের যাতে হয়। সরকারের নীতিনির্ধারণী সূত্র জানায়, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কথা হচ্ছে। বিচার-প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইন পাস করা হয়েছে। সূত্র জানায়, যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের অন্যতম রাজনৈতিক কর্মসূচি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে কাজ করছেন। সৈয়দ আশরাফ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আমন্ত্রণ জানিয়ে সরকারের অবস্থান ও কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেন। এ ব্যাপারে তাঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সমর্থন পেতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন ও সহযোগিতার আশ্বাস পেয়েছি। জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আইনগত সহায়তা নেওয়া হচ্ছে।’ পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৫ মাসে তিনি ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অনেকে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গেও কথা বলেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কী করছি, কেন করছি বিস্তারিত তাঁদের বলেছি। কেউই নেতিবাচক কিছু বলেননি। বরং প্রত্যেকেই বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত। তবে তাঁরা কিছু বিষয়ের নিশ্চয়তা চেয়েছেন। আমরা বলেছি, এ বিচার-প্রক্রিয়া রাজনৈতিক হয়রানিমূলক হবে না। আন্তর্জাতিক মান বজায় রাখা হবে।’জামায়াতের মিত্রদের বিরোধিতা নেই: জামায়াতের মিত্ররা বলছে, বিচার-প্রক্রিয়ায় যেন কোনো অস্বচ্ছতা না থাকে এবং রাজনৈতিকভাবে যেন প্রক্রিয়াটিকে ব্যবহার করা না হয়। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘যদি সত্যিকার অপরাধীদের নিরপেক্ষভাবে বিচার করা হয়, আর যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়রানি না করে, তাহলে তো যুদ্ধাপরাধীদের বিচারে সবাই সমর্থন করবে। সরকার যদি সত্যিকারের তদন্ত করে দোষীদের বিচার করে, তাহলে আমাদের আপত্তির কোনো কারণ নেই।’তবে এম কে আনোয়ার বলেন, তাঁদের মধ্যে কিছুটা আশঙ্কাও আছে যে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে পারে। এ রকম আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন, এখন আদালতে গিয়ে একটা কাগজ দাখিল করলেই বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়ে যায়। আবার সরকারি দলের নেতা-কর্মীদের চার হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যহার করার সুপারিশ হয়েছে। কিন্তু এতে বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা নেই। এসব কারণে তাঁদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। তিনি সরকারকে এই বলে সতর্ক করে দেন, যুদ্ধাপরাধের বিচারকে যদি তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, তাহলে হিতে বিপরীত হবে। ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকেও একই ধরনের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। দলের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার তো বিভিন্ন দেশে হয়েছে। কাজেই এটা নতুন বিষয় নয়। আর সত্যিকারের দোষীদের শাস্তি দেওয়া হলে কারও আপত্তি থাকারও কথা নয়। খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে তদন্ত করছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে এই দলটিও নেতিবাচক প্রতিক্রিয়া দেয়নি।এই দলের মহাসচিব আহমাদ আবদুল কাদের মনে করেন, কেউ যদি সত্যিকারভাবে দোষী হয়ে থাকে, আর সে অপরাধ যদি যথার্থ প্রমাণ হয়, তাহলে বিচার হবে। যদি কেউ অপরাধ করে থাকে বিচার না চাওয়ার কী আছে? তবে একটি আশঙ্কার কথাও বললেন জনাব কাদের। তিনি বলেন, ‘মন্ত্রীদের কথাবার্তার ধরন দেখে মনে হয় বিষয়টি রাজনৈতিক হবে। তবে যদি রাজনৈতিকভাবে বিচার করে, তাহলে সেটা দুঃখজনক হবে।’দেশত্যাগে নিষেধাজ্ঞা আছেস্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে। তাঁরা কেউ বাইরে যেতে পারবেন না। গতকাল রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের পালানো ঠেকাতে সীমান্ত এলাকাসহ স্থল ও বিমানবন্দরে নজরদারি রয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তালিকা যা-ই থাকুক তদন্তকারী সংস্থাই সেটা ঠিক করবে। এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না।জামায়াত উদ্বিগ্ন: যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্বেগ-উত্কণ্ঠা আছে। সরকারি সংস্থাগুলো যাঁদের বিরুদ্ধে তদন্ত করছে, তাঁদের অধিকাংশ হলেন জামায়াতের শীর্ষস্থানীয় নেতা। তাঁদেরকে যদি শেষ পর্যন্ত সরকার কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে দল পরিচালনা করাই সমস্যা হয়ে যাবে।তবে জামায়াতের একটি সূত্র জানায়, দলের নেতারা কর্মীদের চাঙা রাখতে একটি কৌশল নিয়েছেন। যেকোনো পরিস্থিতিতে তাঁরা দলকে সংগঠিত রাখার পক্ষে। প্রয়োজনে অন্য সংগঠনের নামে কর্মসূচি নিয়ে মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় রাখতে চান নেতারা। দীর্ঘদিন ধরেই তাঁরা কর্মীদের বোঝাচ্ছেন, দেশে ইসলামভিত্তিক রাজনীতি চলুক, বর্তমান সরকার তা চায় না। এ কারণে জামায়াতের নেতাদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে চরিত্র হনন করতে চায় সরকার।সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ঘোষণার পর থেকে দলে আলাদা কোনো ক্রিয়া-প্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি। কারণ, এমন ঘটনা ঘটবে—সে বিষয়ে দলের ভেতরে আগে থেকেই প্রস্তুতি ছিল। পরিস্থিতি মোকাবিলায় দলের করণীয়ও ঠিক করা আছে। এ কারণে ট্রাইব্যুনাল গঠনের সংবাদ প্রচার হওয়ার পর তাঁরা নতুন করে বৈঠকও করেননি। তবে নেতাদের গ্রেপ্তার করা হলে প্রতিবাদ করার প্রস্তুতি নিয়ে রেখেছে জামায়াত-শিবির। প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতেও জড়াতে পারে।বিএনপির কাছে তথ্য চাইলেন আশরাফযুদ্ধাপরাধীদের বিচারে বিএনপির কাছে তথ্য চেয়ে সহায়তা কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ‘আমার তো মনে হয়, বিরোধী দলও যুদ্ধাপরাধীদের বিচার চায়।’ যুদ্ধাপরাধীদের বিচারে শতভাগ আন্তর্জাতিক মান রক্ষার প্রতিশ্রুতি দিয়ে সরকারের অন্যতম এই নীতিনির্ধারক বলেন, বিচার-প্রক্রিয়া নিয়ে কোনো রকম প্রশ্ন উঠবে না। কোনো প্রকার বিতর্ক সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।স্বচ্ছ হলে আপত্তি নেই বিএনপিরবিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, যুদ্ধাপরাধের বিচারে বিএনপির আপত্তি নেই। তবে এ বিচার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। গতকাল সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোন্দকার দেলোয়ার বলেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার হলে তাতে কারও আপত্তি থাকবে না।