আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে: রেনাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারপ্রক্রিয়া বাংলাদেশের প্রচলিত আইনে পরিচালিত হওয়া উচিত। তবে এতে আন্তর্জাতিক মান যেন নিশ্চিত হয় সেটাও দেখতে হবে।আজ বৃহস্পতিবার সকালে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাত্ শেষে রেনাটা সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।এদিকে সাক্ষাতের পরে আইনমন্ত্রী বলেন, বিদেশি পর্যবেক্ষকদের ট্রাইব্যুনাল দেখতে সব সময়ই স্বাগত জানানো হবে। ট্রাইব্যুনালে যারা নিয়োগ পেয়েছেন তাঁরা দক্ষ ও অভিজ্ঞ। কাজেই এর গ্রহণযোগ্যতা নিয়ে কারও মনে প্রশ্ন থাকা উচিত নয়। রেনেটা জানান, আইনমন্ত্রীর সঙ্গে তাঁর জাতিসংঘ ও বাংলাদেশের বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারপ্রক্রিয়ায় জাতিসংঘের সহায়তা প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে বাংলাদেশকে কারিগরি সহযোগিতা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি দেশেই বিষয়টি (মানবতার বিরুদ্ধে অপরাধ) একেবারেই ভিন্ন। কাজেই বাংলাদেশ এ ক্ষেত্রে অন্য দেশের অভিজ্ঞতার বিষয়টি যাচাই করে দেখতে পারে। তবে বাংলাদেশকে তার নিজস্ব পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করেই বিচার সম্পন্ন করতে হবে।এদিকে রেনাটার সঙ্গে সাক্ষাতের পর আইনমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ বিচারের উদ্যোগ নিয়েছে বলে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে জানানো হয়েছে। পাশাপাশি বিচারটি যে আন্তর্জাতিক মানের হবে, সে ব্যাপারে তাঁকে আশ্বস্ত করা হয়েছে। বিচারপ্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে, বিরোধী দলের এমন অভিযোগের জবাবে শফিক আহমেদ আরও বলেন, ‘কেউ কেউ বলছে হেনস্তার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। অপরাধের কারণেই রাজনৈতিক দলের সদস্যরা বিচারের সম্মুখীন হবেন, রাজনৈতিক কারণে নয়।’ মানবতাবিরোধী অপরাধীদের তালিকা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, দেশে-বিদেশে অনেক সংগঠন নিজেদের উদ্যোগে তথ্য সংগ্রহ করছে। তাদের সেসব তথ্য সরেজমিনে তদন্তকারী কর্মকর্তারা যাচাই করবেন। তদন্ত শেষেই প্রকাশ পাবে কারা মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের সম্মুখীন হবে।