আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারকাজ চলছে: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারকাজ পরিচালনা করছে। এ ট্রাইব্যুনালে যাদের বিচার করা হচ্ছে, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সর্বোচ্চ সুযোগ দেওয়া হচ্ছে।সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ-৭১ আয়োজিত জাতীয় কনভেনশনে মিজানুর রহমান এ কথা বলেন। ‘দাবি বিশ্বমানবতার যুদ্ধাপরাধীর হউক বিচার’—এই স্লোগান নিয়ে আজ শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ট্রাইব্যুনাল আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখায় সমালোচনা করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রেরই কয়েকটি রাজ্যে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার ধীরগতি করার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে জামায়াত।কনভেনশনের প্রথম অধিবেশনে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকর বলেন, যে গতি ও দ্রুততার সঙ্গে ফোরাম যুদ্ধাপরাধীদের বিচার আশা করেছিল, সেই গতিতে বিচার কাজ এগোচ্ছে না।বিচার প্রক্রিয়া আরও দ্রুততর করার দাবি জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, যত দিন পর্যন্ত একজনও যুদ্ধাপরাধী থাকবে, তত দিন পর্যন্ত সেক্টর কমান্ডারস ফোরাম আন্দোলন চালিয়ে যাবে।প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ প্রমুখ।দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন জেলা থেকে আসা মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তাঁদের বক্তব্য দেবেন। বেলা দুইটায় এ অধিবেশন শুরু হয়।