আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে প্রকল্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে রূপগঞ্জে ১৩ হাজার বিঘা জমিতে ২৭ হাজার প্লটের সেনা আবাসন প্রকল্প (আর্মি হাউজিং স্কিম বার এএইচএস) গড়ে তোলার পরিকল্পনার কথা বলা আছে প্রকল্পটির ওয়েবসাইটে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রকল্পের সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করা হবে। প্রকল্প এলাকায় পার্ক, কমিউনিটি সেন্টার, মসজিদ, বিপণিবিতান, হাঁটার পথসহ সবার ব্যবহারের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। প্রকল্পের ওয়েবসাইটে প্রস্তাবিত আবাসনের জন্য আধুনিক ও দৃষ্টিনন্দন কিছু ডুপ্লেক্স বাড়ির ছবি এবং ভেতরের বিভিন্ন কক্ষের কিছু মডেল নকশা দেওয়া হয়েছে। এ প্রকল্পের প্লট ও ফ্ল্যাটের জন্য সংশ্লিষ্টদের ঋণসুবিধার ব্যবস্থা করা হয়েছে ট্রাস্ট ব্যাংক থেকে। এ ক্ষেত্রে যেসব কর্মকর্তা বিদেশে বা মিশনে কর্মরত আছেন, তাঁরাও যাতে সহজে ঋণসুবিধা পান সে ব্যবস্থার কথাও প্রকল্পের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। প্রথমে দুই কিস্তিতে আট লাখ টাকা করে জমা নেওয়া হচ্ছে। ২০১২ সালের মধ্যে আরও চার কিস্তিতে সাত লাখ টাকা করে জমা দিতে হবে। মোট ১৫ লাখ টাকার বিনিময়ে পাঁচ কাঠার করে প্লট দেওয়া হবে। সেনাসদস্যদের ব্যক্তিগত অর্থায়নে এ প্রকল্পের জন্য জমি কেনার কার্যক্রম চলছে। জমি কেনাকে কেন্দ্র করে ২৩ অক্টোবর স্থানীয় লোকজন বিক্ষোভে নামে এবং একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ ও হতাহতের ঘটনাও ঘটে। এএইচএসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে নোটিশ অংশে বলা হয়, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এ প্রকল্পের জন্য মালিকদের কাছ থেকে সরাসরি জমি কেনা শুরু হয়। গত ৫ অক্টোবর দেওয়া তথ্য অনুযায়ী, তখন পর্যন্ত এক হাজার বিঘার বেশি জমি কেনা হয়েছে। অবশ্য ওই নোটিশে উল্লেখ রয়েছে, ওয়েবসাইটের তথ্য-উপাত্ত ২০ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা।নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ সদর ইউনিয়নের ২৪টি মৌজায় ১৩ হাজার বিঘা জমিতে এই প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এর মধ্যে রয়েছে রূপগঞ্জ থানার নাওরা, বরুনা, হরিণা, তানমুশড়ি, তাগাবেল নাওড়া, বাড়িছানি, পূর্বগ্রাম, নগরপাড়া, কায়েতপাড়াসহ আশপাশের কিছু গ্রাম। এর পশ্চিম দিকে বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরে পূর্বাচল। এটির অবস্থান বালু ও শীতলক্ষ্যা নদীর ঠিক মাঝামাঝি। প্রকল্পে প্রস্তাবিত ২৭ হাজার প্লটের জন্য সেনাবাহিনীর সব কর্মকর্তা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে দেওয়া তালিকায় দেখা যায়, এ পর্যন্ত যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা এবং মারা গেছেন এমন কর্মকর্তারও নাম রয়েছে। আবাসন প্রকল্পটির ওয়েবসাইট অনুযায়ী, সেনাবাহিনীতে চাকরির বয়স এক বছর পার হয়েছে এমন সব কর্মকর্তা এই সেনা আবাসন প্রকল্পের জন্য নাম নিবন্ধন করতে পারবেন। তবে চাকরির বয়স ১০ বছর পার হলে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁরা জনপ্রতি একটি করে প্লট অথবা ফ্ল্যাট পাবেন। এ ছাড়া অন্তত ১০ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এবং কর্মকর্তাদের বিধবা পত্নীরা (যাঁরা পেনশন পাচ্ছেন), তাঁরাও এ প্রকল্পের প্লটের জন্য আবেদন করতেন পারবেন। তবে শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরিচ্যুতদের আবেদন করার সুযোগ নেই। যেসব কর্মকর্তা ইতিপূর্বে ডিওএইচএস বা অন্য কোনো সরকারি প্রকল্পে প্লট বা ফ্ল্যাট পেয়েছেন, তাঁরা এখানে আবেদন করতে পারবেন না।এ ছাড়া সেনাবাহিনীর জেসিও (জুনিয়র কমিশন অফিসার) এবং ওআরের (আদার র‌্যাংক) সদস্যদের জন্যও এ প্রকল্পে ব্যবস্থা রাখার কথা ওয়েবসাইটে বলা আছে। তবে তাঁদের জন্য আলাদা প্লট দেওয়ার বিষয়টি নির্ভর করবে জমির বন্দোবস্ত কতটুকু হয় তার ওপর। অবশ্য জেসিওদের জন্য উপযোগী অ্যাপার্টমেন্ট ও ওআরদের জন্য সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট করার পরিকল্পনা রয়েছে।সেনাসূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছরের অক্টোবর মাসে সেনাবাহিনীর আবাসন সমস্যা মেটাতে আর্মি হাউজিং স্কিম (এএইচএস) প্রকল্পটি হাতে নেওয়া হয়। এ বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুমোদন দেন। প্রকল্পের জন্য একটি পৃথক কার্যালয়ও স্থাপন করা হয়। প্রকল্পের চেয়ারম্যান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করীম ভুঁইয়া।