আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টিতেমানবতাবিরোধী অপরাধের বিচার ও শাহবাগ আন্দোলন
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি মানবতার বিরুদ্ধে অপরাধবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষিত হলে বাংলাদেশের তরুণ সমাজ এই রায়ের প্রতিবাদে আন্দোলন শুরু করে। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডকে তরুণেরা তাঁর অপরাধের তুলনায় লঘু শাস্তি হিসেবে বর্ণনা করে এর প্রতিবাদ করেন এবং তাঁর সর্বোচ্চ শাস্তি, অর্থাত্ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের দাবিতে আন্দোলন সংগঠিত করেন। প্রধানত ইন্টারনেট অ্যাকটিভিস্ট তরুণ-তরুণীদের উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকার শাহবাগ চত্বরে সূচিত এই আন্দোলন খুব অল্প সময়ের মধ্যে বিপুল এক গণজাগরণে রূপ নেয়। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারকে কেন্দ্র করে গড়ে ওঠা শাহবাগ আন্দোলন বাংলাদেশের সংবাদমাধ্যমে বিরাট জায়গা দখল করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এই আন্দোলনের সংবাদসহ নানা ধরনের আলোচনা, পর্যবেক্ষণ, মূল্যায়ন ও বিশ্লেষণ প্রকাশিত হয়। নিকট-অতীতে বাংলাদেশের আর কোনো ঘটনা বা বিষয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এত দীর্ঘ সময় ধরে আলোচিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলে এর প্রতিবাদে জামায়াত-শিবিরের তত্পরতায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল ও সহিংস হয়ে ওঠে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশ-সম্পর্কিত সংবাদ, বিশ্লেষণ ও তর্কবিতর্ক অব্যাহত আছে। সেসবের কিছু নমূনা সংক্ষেপে প্রথম আলোর পাঠকদের জন্য উপস্থাপন করা হলো