আন্তর্জাতিক সনদ অর্জন করতে চাইলে
প্রযুক্তিগত সুবিধার বদৌলতে বর্তমানে শিক্ষা খাতেও বইছে পরিবর্তনের হাওয়া। দিন দিন ধরন পাল্টে আধুনিকতার ছোঁয়া লাগছে শিক্ষা-কৌশলে। যেমন—শিক্ষাক্ষেত্রে দেশে বসেই এখন আন্তর্জাতিক সনদ অর্জনের সুযোগ পাওয়া যায়। তবে প্রক্রিয়াটা সহজ হলেও সনদ অর্জনের পড়াশোনা কিন্তু ততটা সহজ নয়। কারণ, খ্যাতনামা আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার মান বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। সে জন্য তাদের সঙ্গেতাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হয়। যেমন—বর্তমানে আমাদের দেশে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনট্যান্ট (এসিসিএ), চার্টার্ড ইনস্টিটিউট অব মার্কেটিং (সিআইএম) ও চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (সিআইএমএ) প্রভৃতি কোর্সের ব্যাপক প্রসার ও চাহিদা থাকলেও কিছু ক্ষেত্রে পাঠদান পদ্ধতির ঘাটতির কারণে শিক্ষার্থীদের হিমশিম খেতে হয়। দেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের কোর্স পরিচালনা করলেও এগুলোর অধিকাংশেরই শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হন বলে অভিযোগ আছে।তবে দেশে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের কান্ট্রি অফিসের মাধ্যমে সঠিক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা করেছে। ফলে এসব অফিস থেকে সঠিক তথ্য জেনেই শিক্ষার্থীদের ভর্তি হওয়া উচিত বলে জানান উপরিউক্ত তিন প্রতিষ্ঠানের লার্নিং কোয়ালিটি পার্টনার লিমারিক কলেজ অব বিজনেস স্টাডিজ, ঢাকার (এলসিবিএসডি) প্রধান নির্বাহী এম এ কালাম। এসিসিএ: এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ জানান, বর্তমানে ২৫টির অধিক প্রতিষ্ঠান এসিসিএর কোর্স পরিচালনা করছে। তবে এর মধ্যে দেশের তিনটি প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা পরিচালনার জন্য এসিসিএ গোল্ড পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানও ভালো করার চেষ্টা করছে। তবে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা, পাসের হার, শিক্ষকের যোগ্যতা ও অভিজ্ঞতা, পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ, লাইব্রেরি ও প্রযুক্তিসহ সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এ ছাড়া কোয়ালিটি পার্টনার হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠানে পড়ার পরামর্শ দেন তিনি।সিআইএম ও এলসিবিএসডি: এম এ কালাম জানান, দেশে একমাত্র তাঁরাই সিআইএম পরীক্ষা পরিচালনা ও সিআইএমের কোয়ালিটি পার্টনার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। শিক্ষাদানের পাশাপাশি তাঁরা স্থানীয়ভাবে এসিসিএর জিটিজি বই প্রকাশের অনুমতি পেয়েছেন। জিটিজির পার্টনার হওয়ার সুবাদে কোনো কোনো কোর্সের জন্য প্রয়োজনে তাঁদের বিদেশ থেকেও অভিজ্ঞ শিক্ষক আনার ব্যবস্থা রয়েছে। এতে করে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সঙ্গে নতুন সংস্কারের বইগুলো সহজেই সময়মতো পাচ্ছেন। তিনি বলেন, ‘এ ধরনের বই দেশে পাওয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। আর এই সুযোগে অনেক অসাধু বই ব্যবসায়ী পুরোনো বই নতুন কভার দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এতে পরীক্ষার সময় অনেক শিক্ষার্থীকে বিপাকে পড়তে হয়। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা বই প্রকাশ, বিদেশ থেকে শিক্ষক আনার মতো কার্যক্রম চালু করেছি।’ কারণ, মানসম্মত শিক্ষাদানের সঙ্গে শিক্ষার আনুষঙ্গিক উপকরণগুলোও মানসম্মত হওয়া জররি। এ ছাড়া এখানে এসিসিএ, সিআইএমএ ও সিআইএমএর সব কোর্স শিক্ষার্থীর পড়ার সুযোগসহ এসব কোর্সে কম্পিউটার বেজড পরীক্ষাও নেওয়া হয়। পড়াশোনার পদ্ধতি হিসেবে আধুনিক প্রযুক্তির সমন্বয় ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ আছে বলেতিনি জানান।সিআইএমএ: এ বিষয়ে সিআইএমএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারিফ তামান্না মতিন জানান, ২০১১ সালের আগস্ট মাসে বাংলাদেশে সিআইএমএর আঞ্চলিক অফিস চালু করা হয়েছে। ইতিমধ্যে তিনটি প্রতিষ্ঠানে সিআইএমএ পড়ার সুযোগ তৈরি হয়েছে। তবে মানসম্মত শিক্ষার জন্য এলসিবিএস ঢাকাকে লার্নিং কোয়ালিটি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা ভর্তির ক্ষেত্রে আমাদের আঞ্চলিক অফিসে খোঁজ নিতে পারেন। এ ছাড়া যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন, সেখানে নিয়মিত ক্লাস হয় কি না, অভিজ্ঞ শিক্ষক, পড়ার পরিবেশ, পর্যাপ্ত বইসমৃদ্ধ লাইব্রেরি আছে কি না ইত্যাদি বিষয় খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ ছাড়া এসব পেশাগত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের বিজনেস বিষয়ে পড়াশোনা বা দক্ষতা থাকলে ভালো করা যায়। তবে পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। এ ছাড়া অন্যান্য বিষয়ে পড়াশোনা করেছেন—এমন আগ্রহী প্রার্থীরা চাইলেও এসব কোর্স করতে পারবেন।আরও জানতে যোগাযোগ করতে পারেন: এলসিবিএস ঢাকা, বাড়ি-৩৯/বি, রোড-১৪/এ, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৮১৯১৩৯৩। ওয়েব: www.lcbsdhaka.com। এসিসিএ বাংলাদেশ, গুলশান ভবন, মহাখালী, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, ঢাকা। ফোন: ৮৮২৪৬৭২। ওয়েব: www.accaglobal.com। সিআইএমএ, আর এম সেন্টার, ১০১ গুলশান এভিনিউ, ঢাকা। ফোন: ৮৮১৫৭২৪। ওয়েব: www.cimaglobal.com