বাংলাদেশের গ্রামীণ জনপদের মানুষের জীবনমান পাল্টাতে পুরোপুরি সক্রিয় রয়েছে গ্রামীণ ব্যাংক। তবে বিশ্বজুড়ে সমাদৃত প্রতিষ্ঠানটি খুব শিগগির নতুন নেতৃত্ব নির্বাচন করবে—এটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা।মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন গতকাল শুক্রবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেছেন। মানিকগঞ্জের কাটিগ্রামে ক্ষুদ্রঋণের পথিকৃৎ প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এ অভিমত দেন শারমেন।মার্কিন সরকার গ্রামীণ ব্যাংককে গতিশীল রাখা ও এ প্রক্রিয়ায় অর্থনীতিবিদ ড. ইউনূসকে যুক্ত রাখার পক্ষে মত দিয়ে আসছে। অথচ গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রস্তাবিত অনুসন্ধান কমিটি সম্প্রতি সরকার নাকচ করে দিয়েছে। এ বিষয়টিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে সাংবাদিকেরা তা জানতে চাইলে ওয়েন্ডি শারমেন সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘আমাদের কাছে একটি বিষয় বেশ পরিষ্কার যে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির সহায়তায় নতুন নেতৃত্ব নির্বাচনে সচেষ্ট থাকলেও প্রতিষ্ঠানটি ঋণগ্রহীতাদের প্রাত্যহিক কাজে সহায়তা দিতে পুরোপুরি সক্রিয় আছে। গ্রামীণ ব্যাংকের জন্য এটাই জরুরি। এ কারণেই বাংলাদেশে অধ্যাপক ইউনূসের হাতে গড়া প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। ঋণগ্রহীতা ও তাঁদের সন্তানদের সহায়তায় গ্রামীণ ব্যাংক অত্যন্ত সক্রিয় রয়েছে। আজ আমরা এটিই লক্ষ করেছি।’ওয়েন্ডি শারমেন আরও বলেন, ‘আমি নিশ্চিত দীর্ঘ মেয়াদে গ্রামীণ ব্যাংকের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করা হবে। আর আন্তর্জাতিক সম্প্রদায়ও খুব শিগগির এ নেতৃত্বের নির্বাচন দেখতে প্রতীক্ষা করছে।’মার্কিন আন্ডার সেক্রেটারি জানান, নিজের চোখে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড দেখে তিনি মুগ্ধ। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতারা তাঁদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে যেভাবে কাজ করছেন, তাতে তিনি উৎফুল্ল। ওয়েন্ডি শারমেন বলেন, গ্রামীণ ব্যাংকের সহায়তায় এসব শিশুর পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত হচ্ছে। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুষম বিকাশ হচ্ছে।শারমেন এমন এক সময় গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড দেখতে গেলেন, যখন হঠাৎ করে শুরু হয় বজ্রবৃষ্টি। বৃষ্টিস্নাত সকালে গ্রামবাংলা দেখে তাঁর চোখেমুখে মুগ্ধতার ঝিলিক। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বৃষ্টি দেখে আমি খুব খুশি। এতে ফসল ভালো হবে, ওদের আয় বাড়বে। বৃষ্টি শুধু আমার পা আর চুল ভেজায়নি, হূদয়ও ভিজিয়ে দিয়েছে। এ দেশের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখে আমি মুগ্ধ।’দুই দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ওয়েন্ডি শারমেন গ্রামীণ ব্যাংকের কাটিগ্রাম শাখা পরিদর্শনের পাশাপাশি ক্ষুদ্রঋণের সুবিধাভোগী ও তাঁদের সন্তানদের সঙ্গে কয়েক ঘণ্টা কাটান। চৈত্রের প্রচণ্ড দাবদাহের মধ্যে হঠাৎ ধেয়ে আসা তুমুল বৃষ্টি উপেক্ষা করে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের সন্তানেরা ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে শারমেনকে বরণ করে নেন। গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পরিদর্শনের পর তিনি শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান এ সময় উপস্থিত ছিলেন।